আজকাল ওয়েবডেস্ক: রাস্তার মাঝে তৈরী খাদে পড়ে আবারও প্রাণ গেল এক বাইক-আরোহীর। শুক্রবার সকালে পশ্চিম দিল্লির জনকপুরী এলাকায় দিল্লি জল বোর্ড (ডিজেবি)-র খুঁড়ে রাখা গর্তে পড়ে মৃত্যু হয় তাঁর। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। তবে জল বোর্ডের দাবি, কাজের জায়গায় নিরাপত্তার সবরকম ব্যবস্থাই ছিল।
পুলিশ সূত্রের খবর, গত তিন মাস ধরে ওই এলাকায় নর্দমা সংস্কারের কাজ চলছে। ডিজেবি তাদের বিবৃতিতে জানিয়েছে, প্রাথমিক তদন্তে দেখা গিয়েছে যে রাস্তাটিতে কাজ চলছিল, সেটি ব্যারিকেড দিয়ে ঘেরা ছিল। গর্তটির মুখেও দেওয়া ছিল সবুজ জাল। নিজেদের দাবির সপক্ষে একটি ভিডিও-ও প্রকাশ করেছে তারা। সেখানে দেখা যাচ্ছে, রাস্তার একাংশ আটকে কাজ চললেও যাতায়াতের জন্য একটি সরু পথ রাখা হয়েছিল।
প্রসঙ্গত, গত মাসেই নয়ডায় একটি নির্মাণস্থলে দুর্ঘটনা ঘটে। এরপর নড়েচড়ে বসেছিল জল বোর্ড। ২৪ জানুয়ারি এক নির্দেশে জানানো হয়েছিল, প্রতিটি কাজ চলাকালীন সাইনবোর্ড, রিফ্লেক্টর টেপ এবং সবুজ জাল ব্যবহার বাধ্যতামূলক। নিরাপত্তা বজায় রাখতে কোনও গাফিলতি হলে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছিল।
জনকপুরীর এই দুর্ঘটনার পর ইতিমধ্যেই দুই সদস্যের একটি তদন্ত কমিটি গড়েছে জল বোর্ড। শুক্রবার সন্ধ্যার মধ্যেই তাদের রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। কোথাও কোনও বিপজ্জনক নির্মাণস্থল চোখে পড়লে সাধারণ মানুষকে ১৯১৬ নম্বরে ফোন করে জানানোর আর্জিও জানিয়েছে সংস্থাটি।
