আজকাল ওয়েবডেস্ক: পাসপোর্ট সেবা ২.০-এর অধীনে দেশজুড়ে চালু হল ই-পাসপোর্ট পরিষেবা। এই ঘোষণা করেছেন ভারতের বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর। উল্লেখ্য, প্রথমে এটি কিছু নির্বাচিত শহরে পরীক্ষামূলকভাবে শুরু হয়েছিল। এবার এই পরিষেবা দেশজুড়ে চালুর ফলে ডিজিটাল ইন্ডিয়ার পথে আরও এক ধাপ এগোল ভারত। পাসপোর্ট সেবা দিবস উপলক্ষে এক বার্তায় ডঃ জয়শঙ্কর বলেন, ‘নাগরিক-কেন্দ্রিক পরিষেবার উন্নয়নের লক্ষ্যে PSP 2.0 সারা দেশে চালু করতে পেরে আমি আনন্দিত। এতে উন্নত প্রযুক্তি ব্যবহার করে পরিষেবাকে আরও দ্রুত ও নিরাপদ করে তোলা হবে’।
ই-পাসপোর্ট সাধারণত একটি আধুনিক ডিজিটাল পাসপোর্ট। এতে সাধারণ পাসপোর্টের পাশাপাশি একটি ইলেকট্রনিক চিপ যুক্ত থাকে। এই চিপে পাসপোর্টধারীর ব্যক্তিগত ও বায়োমেট্রিক তথ্য সংরক্ষিত থাকে। যার মাধ্যমে আন্তর্জাতিক মানের নিরাপত্তা ও পাসপোর্ট নদ্রুত প্রক্রিয়াকরণের সুবিধা পাওয়া যায়। জানা গিয়েছে, ই-পাসপোর্টের সামনের কভারে নিচের দিকে একটি সোনালি রঙের চিহ্ন থাকে। যাতে করে বোঝা যায় এটি সাধারণ পাসপোর্টের থেকে আলাদা। এখানেই সংরক্ষিত থাকে চিপ ও অ্যান্টেনা। চিপে পাসপোর্টধারীর নাম, জন্মের তারিখ, ফটো এবং ফিঙ্গারপ্রিন্ট সংরক্ষিত থাকে বলেই জানা গিয়েছে। কীভাবে আবেদন করবেন ই-পাসপোর্টের জন্য?
(https://www.passportindia.gov.in/) ওয়েবসাইটে যান।
নতুন ব্যবহারকারী হলে সাইন আপ করুন, না হলে লগ ইন করুন।
অনলাইন ফর্ম পূরণ করে ই-পাসপোর্টের জন্য আবেদন করুন।
নিকটবর্তী পাসপোর্ট সেবা কেন্দ্র অথবা পোস্ট অফিস পাসপোর্ট সেবা কেন্দ্রে অ্যাপয়েন্টমেন্ট নিন।
নির্ধারিত ফি জমা দিন।
নির্ধারিত তারিখে কেন্দ্রে গিয়ে বায়োমেট্রিক তথ্য ও নথিপত্র যাচাই করুন।
বিদেশ মন্ত্রক আশাবাদী, ই-পাসপোর্ট পরিষেবা দেশের পাসপোর্ট প্রক্রিয়াকে আরও সহজ, দ্রুত ও নিরাপদ করে তুলবে।
