আজকাল ওয়েবডেস্ক: বসন্তের শুরুতেই সিকিমে অকাল শীতের দাপট। প্রবল তুষারপাতের জেরে পর্যটকদের জন্য কার্যত বন্ধ হয়ে গেল ছাঙ্গু লেকের দরজা। আপাতত নিরাপত্তার খাতিরে সিকিম প্রশাসন ও সেনার তরফে পর্যটকদের ছাঙ্গু যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না। পর্যটক ও স্থানীয়দের গতিবিধি নিয়ন্ত্রণ করে কেবল ১৫ মাইল পর্যন্ত যাওয়ার অনুমতি মিলছে।
স্থানীয় সূত্রে খবর পাওয়া গিয়েছে, পূর্ব সিকিমের এক বিশাল অংশ এখন সাদা বরফে ঢাকা। রাস্তাঘাট সচল রাখতে অত্যাধুনিক যন্ত্র দিয়ে বরফ সরানোর কাজ চলছে পুরোদমে। কিন্তু লাগাতার তুষারপাতের জেরে সেই কাজে বারবার বিঘ্ন ঘটছে। ফলে পর্যটকদের নিরাপত্তা নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছে না প্রশাসন।
হিমালয়ান হসপিটালিটি ও ট্যুরিজম ডেভলপমেন্ট নেটওয়ার্কের সভাপতি সম্রাট সান্যাল জানান, স্কুলে ছুটি থাকায় এই মুহূর্তে পাহাড়ে পর্যটকদের ঢল নেমেছে। দক্ষিণবঙ্গের ক্রমবর্ধমান গরম থেকে বাঁচতে এবং বরফের টানে কলকাতা-সহ দেশের নানা প্রান্তের মানুষ দার্জিলিং ও সিকিমে ভিড় জমিয়েছেন।
এই দুর্যোগ পরিস্থিতিতে ছাঙ্গু লেক যাওয়ার পথ বন্ধ হওয়ায় পর্যটকদের কপালে চিন্তার ভাঁজ। কলকাতা থেকে আসা পর্যটক দীপ সাহার কথায়, "প্রথমবার বরফ দেখার টানে সিকিম এসেছিলাম। কিন্তু প্রবল তুষারপাতের জন্য ছাঙ্গু যাওয়ার অনুমতি পেলাম না। মন খারাপ হলেও পর্যটকদের নিরাপত্তার কথা ভেবেই যে এই সিদ্ধান্ত, তা মানতেই হবে। পরে আবার আসব।"
আপাতত পরিস্থিতির ওপর নজর রাখছে প্রশাসন। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই বিধিনিষেধ বজায় থাকার সম্ভাবনা রয়েছে।
