আজকাল ওয়েবডেস্ক: আগামীকাল থেকে শুরু হচ্ছে ২০২৬ সালের সিবিএসই দশম শ্রেণির বোর্ড পরীক্ষা। তার ঠিক আগেই একগুচ্ছ নিয়মবিধি স্পষ্ট করল বোর্ড। বিশেষ কারণে যারা প্রথম দফার পরীক্ষায় বসতে পারবে না, তারা সরাসরি দ্বিতীয় দফার পরীক্ষায় অংশ নিতে পারবে কি না, তা নিয়ে যে ধোঁয়াশা তৈরী হয়েছিল, তা কাটানো হয়েছে এই নির্দেশিকায়।

প্রথম পরীক্ষায় বসা বাধ্যতামূলক। স্পষ্ট জানিয়েছে সিবিএসই বোর্ড। আগামীকাল থেকেই শুরু হচ্ছে দশম শ্রেণির প্রথম দফার বোর্ড পরীক্ষা। তার আগে পরীক্ষার্থীদের জন্য কড়া বার্তা দিল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা সিবিএসই। বোর্ড জানিয়ে দিয়েছে, দ্বিতীয় দফার পরীক্ষায় বসতে হলে প্রথম দফার পরীক্ষায় বসা আবশ্যিক।

এক নজরে নতুন নিয়ম:
 
প্রথম পরীক্ষা না দিলে বিপদ: কোনও পড়ুয়া যদি প্রথম দফার পরীক্ষায় তিন বা তার বেশি বিষয়ে অনুপস্থিত থাকে, তবে সে দ্বিতীয় দফার পরীক্ষায় বসার সুযোগ পাবে না। তাদের 'এসেনশিয়াল রিপিট' হিসেবে গণ্য করা হবে এবং তাদের পরীক্ষা দিতে হবে আগামী বছরের ফেব্রুয়ারিতে।

নম্বর বাড়ানোর সুযোগ: যারা পরীক্ষায় পাশ করবে, তারা চাইলে বিজ্ঞান, অঙ্ক বা সমাজবিজ্ঞানের মতো সর্বোচ্চ তিনটি বিষয়ে নম্বর বাড়ানোর জন্য (ইমপ্রুভমেন্ট) দ্বিতীয়বার পরীক্ষায় বসতে পারবে।

কম্পার্টমেন্টাল পরীক্ষার্থী: যাদের রেজাল্টে ‘কম্পার্টমেন্ট’ আসবে, তারা দ্বিতীয় দফার পরীক্ষায় বসার সুযোগ পাবে।
 
অতিরিক্ত বিষয়: দশম শ্রেণি পাশ করে যাওয়ার পর আলাদা করে কোনও অতিরিক্ত বিষয়ে পরীক্ষা দেওয়ার সুবিধা আর থাকছে না।


 
বোর্ডের তরফে সাফ জানানো হয়েছে, অনিবার্য কারণ দেখিয়ে তিন বা তার বেশি পরীক্ষায় না বসলে কোনও বিশেষ ছাড় দেওয়া হবে না। এই সংক্রান্ত কোনও আবেদনেও কর্ণপাত করবে না সিবিএসই কর্তৃপক্ষ।