আজকাল ওয়েবডেস্ক: বেঙ্গালুরু-ভিত্তিক একটি স্টার্টআপ নীরবে বদলে দিচ্ছে দেশের এআই নিয়ে যাবতীয় তত্ত্ব। সম্পূর্ণভাবে ভারতে তৈরি এবং ভারতীয় ব্যবহারকারীদের কথা মাথায় রেখে গড়ে ওঠা সারভাম এআই দেখিয়ে দিয়েছে, নির্দিষ্ট কিছু গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দেশীয় আবিষ্কারই চ্যাটজিপিটি বা গুগল জেমিনির মতো বিশ্ব বিখ্যাত এআই প্ল্যাটফর্মকেও টেক্কা দিতে পারে।

১) ভারতের এআই নীতি: পরিকাঠামো গড়াই মূল লক্ষ্য

চলতি বছরের স্পষ্ট করে দিয়েছে, ভারতের এআই কৌশলের মূল ভিত্তি পরিকাঠামো নির্মাণ। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেছেন, ভারতে অবস্থিত ডেটা সেন্টার ব্যবহার করে বিশ্বব্যাপী ক্লাউড পরিষেবা প্রদানকারী বিদেশি সংস্থাগুলিকে ২০৪৭ সাল পর্যন্ত কর ছাড় দেওয়া হবে। মূল উদ্দেশ্য একটাই, এআই চালাতে যে বিপুল কম্পিউটিং শক্তি দরকার, সেই শক্তির কেন্দ্র যেন ভারতের মাটিতেই থাকে। এই ঘোষণার পর গুগল, অ্যামাজন ও মাইক্রোসফটের মতো সংস্থাগুলি আগ্রহ দেখিয়েছে।

২) সারভাম এআই

ভারতের বাস্তব চিত্র তুলে ধরছে সারভাম এআই। ২০২৩ সালে বিবেক রাঘবন ও প্রত্যুষ কুমারের উদ্যোগে গড়ে ওঠা এই বেঙ্গালুরু-ভিত্তিক স্টার্টআপ একটি সম্পূর্ণ ‘ফুল-স্ট্যাক’ জেনারেটিভ এআই প্ল্যাটফর্ম তৈরি করেছে, যা বিশেষভাবে ভারতের জন্য নকশা করা। ভারতীয় ভাষা, উচ্চারণ, কণ্ঠস্বরভিত্তিক ও অন-ডিভাইস অ্যাপ্লিকেশনের ওপর জোর দিয়েছে সংস্থাটি। সারভামের লক্ষ্য ভারতে তৈরি মডেল, ভারতের তথ্য থেকেই প্রশিক্ষিত এবং দেশীয় পরিকাঠামোতেই পরিচালিত এআই ব্যবস্থা।

৩) তিনটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে চ্যাটজিপিটি ও জেমিনিকে টেক্কা

সারভাম এআই সম্প্রতি আলোচনায় এসেছে কারণ তিনটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে তারা চ্যাটজিপিটি ও জেমিনির মতো এআই টুলগুলিকে ছাপিয়ে গেছে। সারভামের ওসিআর টুল ‘Sarvam Vision’ olmOCR-Bench ৮৪.৩ শতাংশ সঠিক, এই তথ্যই ধরা পড়েছে গবেষণায়। যা কিনা চ্যাটজিপিটি, জেমিনি ৩ প্রো এবং ডিপসিক ওসিআর ভি২-এর থেকেও বেশি। জটিল লেআউট, গাণিতিক সূত্র বিশ্লেষণে এই প্ল্যাটফর্ম বিশেষ দক্ষতা দেখিয়েছে, যেখানে প্রচলিত ওসিআর টুলগুলো প্রায়ই হিমশিম খায়। স্ক্যান করা নথি, ফর্ম ও মিশ্র ভাষার কনটেন্ট পড়ার ক্ষেত্রেও সারভামের নির্ভরযোগ্যতা নজর কেড়েছে।

৪) সারভাম কী পারে, আর কোন ক্ষেত্রে এগিয়ে চ্যাটজিপিটি

সারভাম এআই মূলত ভারতীয় ব্যবহারকারীদের প্রয়োজন মাথায় রেখে তৈরি। এর ওয়েবসাইটে এআই চ্যাট, অনুবাদ, ভয়েস-টু-টেক্সট, টেক্সট-টু-স্পিচ এবং স্ক্যান করা ছবি বা পিডিএফ থেকে নথি পড়ার সুবিধা রয়েছে। ভারতীয় ভাষা, ভারতীয় উচ্চারণ শনাক্ত করা এবং আঞ্চলিক গ্রাহক পরিষেবা বা নথি প্রক্রিয়াকরণে এটি বিশেষভাবে কার্যকর। তবে কোডিং, জটিল ব্যাখ্যা বা জটিল বহু ধাপের সমস্যার সমাধানে চ্যাটজিপিটি এখনও এগিয়ে।

৫) আন্তর্জাতিক স্বীকৃতিতে বিশ্বমঞ্চে সারভাম

সারভাম এআই-এর অগ্রগতি নজর এড়ায়নি আন্তর্জাতিক প্রযুক্তি বিশেষজ্ঞদেরও। প্রাক্তন গুগল কর্মী ডিডি দাস প্রকাশ্যে প্রশংসা করে জানান, শুরুতে তিনি সন্দিহান ছিলেন, কিন্তু এখন তাঁর মতে ভারতীয় ভাষার জন্য টেক্সট-টু-স্পিচ, স্পিচ-টু-টেক্সট ও ওসিআর ক্ষেত্রে সারভামের মডেলই সেরা। তিনি আরও বলেন, যুক্তিসঙ্গত মূল্য ও ব্যবহারবান্ধব প্ল্যাটফর্মের মাধ্যমে সারভাম এমন এক ফাঁক পূরণ করছে, যেখানে বড় আন্তর্জাতিক এআই ল্যাবগুলি আপাতত বিশেষ মনোযোগ দিচ্ছে না। এর প্রতিক্রিয়ায় কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, ভারতে তৈরি এআই ফল দিতে শুরু করেছে এবং দেশের তরুণ ইঞ্জিনিয়াররা স্বাস্থ্য, উপাদান বিজ্ঞান ও সাইবার সিকিউরিটির মতো ক্ষেত্রে এমন এআই মডেল তৈরি করছেন, যা বিশ্বজুড়ে নজর কাড়বে।