আজকাল ওয়েবডেস্ক: শুক্রবার যন্তর মন্তরে বিক্ষোভ ইন্ডিয়া জোটের। শীতকালীন অধিবেশনে বিরোধী সাংসদদের লাগাতার সাসপেন্ড করা হয়েছে। বুধবার সংসদে হামলার ঘটনার পর বিরোধী দলের সাংসদরা ঘটনা প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতির দাবি জানিয়েছিলেন। একই সঙ্গে প্রশ্ন উঠেছিল সংসদের নিরাপত্তা নিয়েও। তার জেরেই পরপর সাসপেন্ড করা হয় ডেরেক ও ব্রায়েন, অধীর রঞ্জন চৌধুরী, শশী থারুর সহ ১৪৯ জন সাংসদকে। দিল্লি প্রদেশ কংগ্রেস কমিটির প্রধান অরবিন্দর সিং লাভলি জমিয়েছেন, দুই কক্ষের সাংসদদের সাসপেন্ড করার বিরোধিতায় ইন্ডিয়া জোটের নেতা নেত্রীরা শুক্রবার নয়া দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচি পালন করবেন। শুক্রবার সকাল ১১টায় শুরু হবে বিক্ষোভ কর্মসূচি। তিনি আরও জানিয়েছেন, দলের তরফে জেলা সভাপতিদের নির্দেশ দেওয়া হয়েছে শহরের ২৭০ ব্লক পরিদর্শন করে জনগণের সঙ্গে সংযোগ ঘটাতে এবং তাঁদের এই বিক্ষোভ কর্মসূচিতে আহ্বান জানাতে।