আজকাল ওয়েবডেস্ক: পথ কুকুরের কামড়ে আক্রান্তদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ রায় দিল পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট। আদালত জানিয়েছে, পথ কুকুর সহ অন্যান্য মালিকানাহীন প্রাণীর কামড়ের ঘটনায় ‘প্রাথমিক দায়’ বর্তায় রাজ্য সরকারের উপরেই। এছাড়াও আদালত জানিয়েছে, প্রতিটি দাঁতের দাগের জন্য আক্রান্তকে ১০ হাজার টাকা এবং কামড়ে ক্ষত হলে সেক্ষেত্রে প্রতি ০.২ সেন্টিমিটার ক্ষতের জন্য ন্যূনতম ২০ হাজার টাকা ক্ষতিপূরণ দিতে হবে। সাম্প্রতিককালে এই নিয়ে ১৯৩টি আবেদন জমা পড়েছিল। পোষ্য কুকুর হোক বা রাস্তার মালিকানাহীন কুকুর, সারমেয়দের আক্রমণে মারাত্মকভাবে জখম হওয়ার ঘটনা নতুন নয়। মৃত্যুর ঘটনাও ঘটেছে। অক্টোবর মাসে কুকুরের তাড়া খেয়ে পড়ে যান ওয়াঘ বাকরি টি গ্রুপের কার্যনির্বাহী কর্মকর্তা পরাগ দেশাই (৪৯)। মস্তিষ্কে রক্তক্ষরণের জেরে মৃত্যু হয় তাঁর। সেই ঘটনার পরেই নতুন করে ফের মানবাধিকার সংগঠনগুলো দেশের নানা আদালতে এই বিষয়ে আবেদন করে। সোশ্যাল মিডিয়াতেও অনেকে এই নিয়ে সরব হন।
Dog: পথ কুকুরের কামড়ে জখম হলে ক্ষতিপূরণ দেবে সরকার!
















