আজকাল ওয়েবডেস্ক: জনশ্রুতি, এই নদীর জলে এখনও মেলে হীরা। বছরভর সেখানে ভিড় করে থাকেন পর্যটকরা। বিশেষ বিশেষ দিনে, ভিড় বাড়ে ব্যাপক হারে। এই জায়গা খাস কলকাতা থেকে খুব একটা দূরেও নয়। পড়শি রাজ্য ঝাড়খণ্ডেই রয়েছে এই বিশেষ নদী। জানা যাক বিস্তারিত।
ঝাড়খণ্ডের গুমলা জেলা, ঐতিহাসিক-পর্যটন-সহ নানা বিষয়ে বিখ্যাত। ওই জেলা দিয়েই বয়ে গিয়েছে শঙ্খ নদী। এই নদী বইছে গুমলার জনপ্রিয় হীরাদা বাঁধ থেকে। জনশ্রুতি, নদীর জলে এখনও মেলে হীরা।
মকর সংক্রান্তি, রাম নবমী-সহ বছরের বিশেষ দিনগুলিতে বহু মানুষের সমাগম হয় সেখানে। ওই জায়গাকে ঘিরে রেখেছে প্রায় ৬০০ বছর আগের এক কাহিনী। জনশ্রুতি ওই এলাকা প্রায় ৬০০ বছর আগে নাগবংশী রাজা দুর্জন সালের এলাকা ছিল। সেই সময় এলাকা নাগভূমি নামেই খ্যাত ছিল। রাজা দুর্জন সালের নিজে একজন গবেষক-বিজ্ঞানী বলে পরিচিত ছিলেন। শোনা যায়, তিনি নিজেই এলাকা নিয়ে দীর্ঘ গবেষণায় জানতে পারেন, শঙ্খ নদীতে রয়েছে হীরা। তখন থেকেই ওই নদী হীরা পট্টি নামে পরিচিত। তারপর থেকেই বহু মানুষ ভিড় জমান নদীর পাড়ে, বিশ্বাস, এখনও ওই নদীতে মেলে হীরা।
