আজকাল ওয়েবডেস্ক : ইনফোসিস চেয়ারম্যান নারায়ণ মূর্তির ৭০ ঘন্টা কাজের পক্ষে এবার কথা বললেন কংগ্রেস নেতা মনীষ তিওয়ারি। তিনি বলেন, প্রচুর জনপ্রতিনিধি রয়েছেন যারা প্রতিদিন ১২ থেকে ১৫ ঘন্টা করে কাজ করেন। তাহলে এক্ষেত্রে ইনফোসিস কর্তার কথা নিয়ে কেন এত সমালোচনা করা হচ্ছে। যদি ভারতবর্ষকে একটি শক্তিধর দেশ হতে হয় তাহলে সপ্তাহে ৭০ ঘন্টা করে কাজ করতেই হবে। দেশের যুবসমাজকেই এবিষয়ে অগ্রণী ভূমিকা গ্রহণ করতে হবে। মনীষ তিওয়ারি মনে করেন, দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে এবার বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করতে হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানি এবং জাপানের বাসিন্দারা এইভাবেই কাজ করে ফের তাদের দেশকে এগিয়ে নিয়ে গিয়েছিল। ভারতকে যদি ২০৪৭-র মধ্যে একটি সুপার পাওয়ার দেশ হিসাবে আত্মপ্রকাশ করতে হয় তবে এখন থেকেই তা শুরু করতে হবে। একবার যদি এই অভ্যাস শুরু হয়ে যায় তাহলে আর অসুবিধা হবে না। তখন প্রতিটি প্রজন্ম এই পথেই চলবে। মনীষ তিওয়ারি বলেন, বহু রাজনীতিবিদ রয়েছেন যারা দেশের মানুষের সেবা করেন। তারা দৈনিক ১২ থেকে ১৫ ঘন্টা ধরে কাজ করেন। কখনও বা রবিবারের ছুটিতেও তারা ব্যস্ত থাকেন। দেশের আমজনতার মধ্যেও এই ধরনের মানসিকতা তৈরি করা উচিত।
CONGRESS ON NARAYAN MURTI : নারায়ণ মূর্তির কথায় সায় দিলেন কংগ্রেস নেতা
















