আজকাল ওয়েবডেস্ক: গরবা হচ্ছে। আপনি তাতে সামিল হতে চাইলেন। কিন্তু তার জন্য খেতে হবে গোমূত্র। তবেই পারবেন অংশ নিতে। এমনই ফতোয়া জারি করেছে বিজেপি কর্মীরা। ঘটনাটি ঘটেছে ইন্দোরে। এই খবর প্রচার হতেই শুরু হয়েছে বিতর্ক।

 

 

দেশজুড়ে বিভিন্ন জায়গায় নবরাত্রি উৎসবে গড়বা পালন করা হয়। গড়বা হল গুজরাটি নৃত্য। সারারাত ধরে মেয়েরা এই নাচ করে থাকে। অনেকসময় অংশ নেয় ছেলেরাও। শুরু হতে চলেছে নবরাত্রি, তার আগেই এই মন্তব্য শোরগোল ফেলেছে।

 

 

বিজেপির জেলা সভাপতি চিন্টু ভার্মা সাংবাদিকদের ব্যাখ্যা করেন, আচমন করেই অনুষ্ঠান স্থলে ঢোকার কথা বলা হয়েছে। এই আচমন হিন্দুদের সংস্কৃতি। একজন প্রকৃত হিন্দু কখনই আচমন করতে অস্বীকার করবে না। সনাতন সংস্কৃতিতে আচমন করার অনেক গুরুত্ব রয়েছে।

 

 

হিন্দু রীতি অনুসারে, আচমন হল, ধর্মীয় আচার-অনুষ্ঠান শুরু করার আগে পবিত্র হওয়ার জন্য মন্ত্রপাঠ করে এক চুমুক জল মুখে দেওয়া। এ বার সেইখানে জলের জায়গায় নিতে হবে গোমূত্র।

 

 

কংগ্রেস, বিজেপি নেতার এই কথাকে একহাত নিয়েছে। কংগ্রেস নেতার দাবি, গেরুয়া শিবিরের মেরুকরণের এটি একটি নতুন কৌশল। এই ধর্মীয় রাজনীতি বিজেপি করে থাকে।  পাল্টা যুক্তি, বিজেপির। তারা জানিয়েছে, প্রকৃত হিন্দু গোমূত্র পান করে তবেই এই অনুষ্ঠানে অংশ নেবেন। পাশাপাশি, সমস্ত আয়োজকদের অনুরোধ ভক্তদের গরবা প্যান্ডেলে প্রবেশের আগে গোমূত্র দিয়ে আচনমন করার বিষয়টি যেন নিশ্চিত করেন।