আজকাল ওয়েবডেস্ক: টি–টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত। নিউজিল্য়ান্ডকে ৯৬ রানে হারিয়ে ভারত টানা দ্বিতীয়বার টি-টোয়েন্টি খেতাব জেতে।  ভারতের এহেন সাফল্যে বিস্মিত ও মুগ্ধ হয়েছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক রশিদ লতিফ। ভারতের প্রশংসা করার পাশাপাশি রয়েছে  তীব্র আক্ষেপও। রশিদ লতিফ বলেন, ''ভারতের ডিএএ-তেই রয়েছে ট্রফি জয়ের নেশা। বড় টুর্নামেন্ট ভারত খেলতে নামে জেতার বিশ্বাস নিয়ে।'' 

অন্যদিকে, নিজের দেশ পাকিস্তান সম্পর্কে লতিফ বলেছেন, ''ভারতের ডিএনএতে আছে ট্রফি, আর আমাদের ডিএনএতে যেন আছে আগেভাগে বিদায়।'' 

রশিদ লতিফের মতোই ভারতের প্রশংসা করেছেন পাকিস্তানের আরেক তারকা ইমাদ ওয়াসিম। পাক তারকা বলছেন, ''আমরা প্রায় শুনি কেউ কেউ বলছেন, আম্পায়াররা ভারতকে টেনেই খেলায়। অথবা স্পিন-বান্ধব পিচ তৈরি করে ভারতের জন্য। তবে এবারের টুর্নামেন্টে পিচে কিন্তু ভারসাম্যই ছিল। কখনও কখনও পরিস্থিতি ভারতের বিরুদ্ধেই গিয়েছিল। তবুও ভারত প্রাধান্য বজায় রেখে জিতেছে।''  

ভারতের ধারাবাহিক পারফরম্যান্স দেখার পরে ইমাদ ওয়াসিম বলছেন, ''ভারত সবসময়ে পালানোর পথ তৈরি করে রাখে, আমাদের এই দাবি ঠিক নয়। ক্রিকেট খেলিয়ে দেশ হিসেবে ভারতের এই বিশ্বজয়ের প্রশংসা করতেই হবে। ক্রিকেটের দিক থেকে বিচার করা হলে বলতেই হবে, ভারত আমাদের থেকে অনেক এগিয়ে। শুধু পাকিস্তান নয়, অন্য অনেক দেশের থেকে এগিয়ে ভারত।'' 

সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারত ইতিহাস তৈরি করেছে। প্রথম দেশ হিসেবে তিনবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে। আয়োজক দেশ হিসেবে প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতল ভারত। পরপর দু'বার টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার নজির গড়ল ভারত। এখনও পর্যন্ত কোনও দেশ কিন্তু টানা দু'বার বিশ্বকাপ জেতেনি।