আজকাল ওয়েবডেস্ক :  বিহারে জাতি গণনার রিপোর্ট নিয়ে এবার বৈঠকে বিজেপি। তাদের পক্ষ থেকে বলা হয়েছে, কয়েকমাস বাকি লোকসভা ভোটের। তার আগে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার যেভাবে জাতি গণনা নিয়ে অস্থিরতা তৈরি করতে চাইছে তাতে দেশের শান্তি বিঘ্নিত হবে। কিভাবে বিহারের এই ইস্যুকে সামলানো যাবে তা নিয়ে দিল্লিতে একটি বিশেষ বৈঠক করে বিজেপি। সেখানে উপস্থিত ছিলেন জেপি নাড্ডা, বিএল সন্তাষ, অমিত শাহ এবং নীতিন গড়কড়ি। বিজেপি শাসিত দশটি রাজ্যের নেতারা ছাড়াও বৈঠকে ছিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সকলেই একমত যে আগামী বছরের লোকসভা নির্বাচনের আগে এই জাতি গণনার রিপোর্টকে হাতিয়ার করে জিততে চাইছে নীতিশ কুমারের দল। কিন্তু সেই কাজ করতে তাদের বাধা দিতেই হবে। চলতি মাসেই ৫ রাজ্যের নির্বাচন চলছে। এই নির্বাচনের ফল কি হয় সেদিকে অবশ্যই বিজেপির নজর রয়েছে। কিন্তু বিহারকে আলাদা গুরুত্ব না দিলে ভবিষ্যতে ভুগতে হবে বলেই মনে করেন বিজেপি নেতারা। বৈঠকের আলোচ্য বিষয় ইতিমধ্যেই পাঠিয়ে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর কাছে। শুধু ভোট-ব্যাঙ্কের রাজনীতি করলে বিহারে ভালো ফল করা যাবে না বলেই মনে করছে বিজেপি।