আজকাল ওয়েবডেস্ক: মাঝরাতে কখনও গরমে ঘামছেন, আবার কখনও ঠান্ডায় লেপ মুড়ি দিচ্ছেন - এই সমস্যায় নাজেহাল হন অনেকেই। কিন্তু এই সমস্যারই এক অদ্ভুত সমাধান বের করে সকলকে তাক লাগিয়ে দিলেন বেঙ্গালুরুর এক তরুণ সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তিনি এমন এক এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবস্থা তৈরি করেছেন, যা তাঁর ঘুমের ভঙ্গি দেখেই বুঝে নেবে কখন ফ্যান চালানো দরকার আর কখন বন্ধ রাখা উচিত।

সমাজমাধ্যমে পঙ্কজ নামে ওই তরুণ জানিয়েছেন, রাত তিনটের সময় ঠান্ডায় বা গরমে ঘুম ভেঙে যাওয়া তাঁর কাছে যন্ত্রণার হয়ে দাঁড়িয়েছিল। সেই বিরক্তি থেকেই তিনি এই ‘স্মার্ট’ সমাধান তৈরি করেছেন। পঙ্কজের তৈরি এই প্রযুক্তি তাঁর ঘুমের পোজ বা ভঙ্গি রিয়েল টাইমে নজরদারি করে। যদি দেখা যায় ঘুমের ঘোরে তাঁর হাত বা পা লেপের বাইরে বেরিয়ে এসেছে, তবে সিস্টেমটি বুঝে নেয় যে তাঁর গরম লাগছে। সঙ্গে সঙ্গে চালু হয়ে যায় ফ্যান। আবার হাত-পা গুটিয়ে কুঁকড়ে শুলে সিস্টেমটি বুঝে নেয় যে তাঁর ঠান্ডা লাগছে এবং ফ্যানটি বন্ধ করে দেয়।

সিস্টেমটি কাজ করার পদ্ধতিও বেশ চমকপ্রদ। পঙ্কজ জানিয়েছেন, তিনি একটি ‘রিমোট বাটন পুশার’ ব্যবহার করেছেন যা সিগন্যাল পাওয়ামাত্রই শারীরিকভাবে ফ্যানের সুইচটি টিপে দেয়। এর জন্য তিনি ‘মিডিয়াপাইপ পোজ ভিশন’ নামক একটি মডেল ব্যবহার করেছেন, যা তাঁর শরীরের প্রতিটি হাড়ের সংযোগস্থলের নড়াচড়া ট্র্যাক করতে পারে।

পঙ্কজের এই উদ্ভাবন ইতিমধ্যেই ইন্টারনেটে ভাইরাল। অনেকেই তাঁর এই ‘আউট-অফ-দ্য-বক্স’ চিন্তাধারার প্রশংসা করেছেন। কেউ লিখেছেন, “আপনার এআই রুমমেট বাস্তবের রুমমেটদের চেয়েও বেশি যত্নবান।” আবার কয়েকজন এই সিস্টেমটি নিজের বাড়িতে তৈরির জন্য পঙ্কজের কাছে টিউটোরিয়াল বা গাইডলাইনও চেয়েছেন। পঙ্কজের মতে, এআই-এর হাত ধরে আগামী দিনে আমাদের ঘরবাড়ি এভাবেই ‘স্মার্ট’ হয়ে উঠবে।