আজকাল ওয়েবডেস্ক: সামাজিক মাধ্যমের নেশা কি গ্রাস করছে ছোটদের? কিশোর মনে এর কুপ্রভাব নিয়ে এবার কড়া পদক্ষেপ করতে চলেছে কর্নাটক সরকার। ১৬ বছরের কম বয়সি পড়ুয়াদের মোবাইল ব্যবহারে রাশ টানার একটি প্রস্তাব নিয়ে বর্তমানে ভাবনাচিন্তা শুরু করেছেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া।

সম্প্রতি রাজ্যের সরকারি বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যদের সঙ্গে এক বৈঠকে এই প্রস্তাবটি পেশ করেন মুখ্যমন্ত্রী। তাঁদের মতামত জানতে চেয়ে তিনি বলেন, "আজকের প্রজন্মের একটা বড় অংশ সোশ্যাল মিডিয়ার নেশায় বুঁদ হয়ে থাকছে। অনেক ক্ষেত্রে তারা মাদকের ফাঁদেও পা দিচ্ছে। অস্ট্রেলিয়া বা ইউরোপের বেশ কিছু দেশের মতো আমরাও কি ১৬ বছরের কম বয়সিদের জন্য মোবাইল ব্যবহারে কোনও বিধিনিষেধ আনতে পারি? আপনাদের মতামত কী?"

প্রশাসনের দুশ্চিন্তার বড় কারণ হলো 'স্ক্রিন টাইম'। সারাক্ষণ মোবাইলে মগ্ন থাকার ফলে পড়াশোনায় মন বসছে না কিশোর-কিশোরীদের। বদলে যাচ্ছে তাদের আচরণ, দানা বাঁধছে মানসিক সমস্যাও। সরকারের ভয়, ইন্টারনেটের অবাধ দুনিয়ায় খুদেদের হাতে স্মার্টফোন থাকায় তারা যেমন খারাপ ভিডিও দেখছে, তেমনই মাদক পাচারকারীদের নজরেও পড়ে যাচ্ছে।

তবে এই নিয়ম কীভাবে স্কুল-কলেজে কার্যকর করা যাবে এবং পড়াশোনার প্রয়োজনে কোনও ছাড় দেওয়া হবে কি না, তা নিয়ে বিশদে আলোচনা চলছে। উপাচার্যদের কাছে এই বিষয়ে নির্দিষ্ট রিপোর্ট চেয়েছে রাজ্য সরকার। তবে স্পষ্ট করে দেওয়া হয়েছে, এই প্রস্তাবিত নিয়ম শুধুমাত্র ১৬ বছরের কম বয়সিদের জন্য, প্রাপ্তবয়স্কদের জন্য নয়।

এর আগে অন্ধ্রপ্রদেশ সরকারও ছোটদের জন্য সোশ্যাল মিডিয়ায় রাশ টানার ইঙ্গিত দিয়েছিল। এবার সেই একই পথে হাঁটার কথা ভাবছে কর্নাটকও। সব পক্ষের সঙ্গে কথা বলে শীঘ্রই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।