আজকাল ওয়েবডেস্ক: বুধবার দুপুর থেকে দেশ এবং দেশের রাজনীতি উত্তাল। ঠিক ২০০১ এর স্মৃতি ফিরিয়ে ১৩ ডিসেম্বর ফের হানা সংসদে। সংসদে অধিবেশন চলাকালীন আচমকা দর্শক গ্যালারি থেকে ঝাঁপ এবং রং বোমা দেখানোর ঘটনা ঘটে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই জানা গিয়েছে এখনও পর্যন্ত ৪ জনকে আটক করা হলেও এই ঘটনায় মাথা রয়েছে মোট ৬ জনের। সংসদে হানা দেওয়ার ঘটনায় ৬ জনের নাম জানা গিয়েছে, তাঁরা হলেন মনোরঞ্জন ডি, সাগর শর্মা, আমোল শিন্ডে, নীলম, ললিত এবং বিক্রম। সংসদের বাইরে স্লোগান দিতে গিয়ে আটক হন আমোল এবং নীলম। একইসঙ্গে জানা গিয়েছে, এই ৬ জন একে অপরকে চিনতেন আগে থেকেই। কীভাবে? এখনও পর্যন্ত যে তথ্য প্রকাশ্যে এসেছে, তাতে জানা গিয়েছে ওই ৬ জনের কেউই দিল্লির বাসিন্দা নন। প্রত্যেকেই আলাদা রাজ্যের এবং তাঁদের যোগাযোগ সামাজিক যোগযোগ মাধ্যমে। তাঁরা একে অপরকে চার বছর ধরে চেনেন এবং গুরুগ্রামের একটি বাড়িতে থাকতেন তাঁরা। দিন কয়েক আগেই সংসদে হানা এবং বিশৃঙ্খলার বিষয়ে পরিকল্পনা করেন।