আজকাল ওয়েবডেস্ক: ফের ভয়াবহ বাস দুর্ঘটনা, মৃত্যুমিছিল। খাদে বাস পড়ে প্রাণ গেল ৩৬ জনের। ঘটনায় শোক প্রকাশ করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঘটনাটি ঘটেছে জম্মু-কাশ্মীরের ডোডা জেলায়। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১৯ জন। আহতদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক। জানা গিয়েছে, কিস্তওয়ার থেকে জম্মু যাওয়ার পথে, বাসটি আচমকা খাদে পড়ে যায়। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাতোতি-কিস্তওয়ার জাতীয় সড়কে ত্রুঙ্গাল- আসারের কাছে, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ৩০০ ফুট খাদে পড়ে যায়। আহতদের দ্রুত ডোডা এবং জম্মুর মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। ৫৫ জন যাত্রী নিয়ে যাচ্ছিল ওই বাসটি। দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা, এবং আহতদের দ্রুত আরোগ্য কামন করেছেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডোডা বাস দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন। মৃতদের পরিবার পিছু ২লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন।
Jammu And Kashmir: জম্মু-কাশ্মীরে খাদে বাস পড়ে মৃত্যু ৩৬ জনের, শোক প্রকাশ প্রধানমন্ত্রীর
















