রাজ্যের প্রশাসনিক কাঠামো মজবুত করতে একাধিক পদক্ষেপ করছে বিজেপি সরকার। পাশাপাশি ঘোষণা করা হয়েছে বিভিন্ন ক্ষেত্রে কর্মী নিয়োগ থেকে শুরু করে জনকল্যাণমূলক প্রকল্পের কথা। এবার শিক্ষাক্ষেত্রেও বড়সড় রদবদলের পথে হাঁটতে চলেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার। ২০২০ সালের জাতীয় শিক্ষানীতির সঙ্গে সামঞ্জস্য রেখে রাজ্যের পঠনপাঠন পদ্ধতিতে আমূল পরিবর্তন আনতে চলেছে শিক্ষা দফতর। এবার থেকে রাজ্যে চালু হতে চলেছে কেন্দ্রীয় স্কুলশিক্ষা প্রকল্প 'নিষ্ঠা'।
2
8
জানা গিয়েছে, রাজ্যের শিক্ষা দফতরের একটি অভ্যন্তরীণ সমীক্ষায় বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত সরকারি উদ্যোগে যে শিক্ষক-শিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছিল, তার কার্যকারিতা খতিয়ে দেখা হয় সমীক্ষায়। সেখানে বেশিরভাগ শিক্ষকই জাতীয় শিক্ষানীতি এবং 'লার্নিং আউটকাম' বা কী শিখছে পড়ুয়ারা, সে বিষয়ে স্পষ্ট ভাবে কিছু জানেন না। সূত্রের খবর, শুধু মাত্র শিক্ষক প্রশিক্ষণে উপস্থিতির জন্য তাঁরা এই সমস্ত ক্লাস করে চলে যেতেন বলে মনে করা হচ্ছে। কারণ, ক্লাসরুমে শিক্ষাদানের ক্ষেত্রে তার কোনও প্রতিফলন দেখা যেত না। এছাড়া পূর্বতন রাজ্য সরকার এই ধরণের কেন্দ্রীয় প্রশিক্ষণকে বিশেষ গুরুত্ব দেয়নি বলে মনে করা হচ্ছে। ফলে সেই ঘাটতি পূরণেই উদ্যোগী রাজ্য সরকার।
3
8
'ন্যাশনাল ইনিশিয়েটিভ ফর স্কুল হেডস অ্যান্ড টিচার্স হোলিস্টিক অ্যাডভান্সমেন্ট'-এর সংক্ষিপ্ত রূপ'নিষ্ঠা'। প্রকল্পের অধীনে স্কুল স্তরের শিক্ষক এবং প্রধান শিক্ষকদের পেশাগত মানোন্নয়নে জোর দেওয়া হবে। পাশাপাশি, পঠনপাঠনের সামগ্রিক বিকাশের লক্ষ্যে শিক্ষকদের জন্য এই বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির পরিকল্পনা করা হয়েছে।
4
8
প্রকল্পের অধীনে শিক্ষকেরা ক্লাস করতে পারবেন অনলাইনে। 'দীক্ষা' পোর্টালের মাধ্যমে করানো হবে ক্লাস। জাতীয় শিক্ষানীতি এবং ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক মেনেই পাঠ্যক্রমটি সাজানো হবে।
5
8
শিক্ষকদের এই প্রশিক্ষণের জন্য অনলাইনেই নাম নথিভুক্ত করতে হবে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়া। আবেদনের শেষ দিন ৩১ অগস্ট।
6
8
পড়ুয়াদের শিক্ষাদানের জন্য শিক্ষকদের আরও সচেতন ও দক্ষ করে তুলতেই এই প্রশিক্ষণ। মোট তিনটি ধাপে বিভিন্ন বিষয় পড়ানো হবে তাঁদের।
7
8
প্রথমে, ২০২০ সালের জাতীয় শিক্ষানীতি সম্পর্কে যাবতীয় খুঁটিনাটি বিস্তারিত জানানো হবে তাঁদের।
দ্বিতীয় ধাপে, আধুনিক পেডাগগি বা শিক্ষণপদ্ধতি এবং বিষয়ভিত্তিক পাঠদানের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে তাঁদের জানানো হবে।
শেষে, শিক্ষাক্ষেত্রে নানা আধুনিক চিন্তাভাবনা এবং বিষয়ের গভীরতা নিয়ে বিশদে চর্চা করা হবে।
8
8
'নিষ্ঠা' প্রশিক্ষণটি এই মুহূর্তে বাধ্যতামূলক নয়। তবে ভবিষ্যতে এটি শিক্ষকদের কর্মজীবনে এর গুরুত্ব বাড়তে চলেছে। সূত্রের খবর, শিক্ষা দফতর ইঙ্গিত দিয়েছে যে, আগামী দিনে শিক্ষকদের পদোন্নতি এবং বার্ষিক বেতন বৃদ্ধির ক্ষেত্রে এই প্রশিক্ষণের শংসাপত্রটিকে বিশেষ গুরুত্ব দেওয়া হতে পারে।