মাত্র ১৫ বছর বয়সেই ভারতীয় ক্রিকেটের অন্যতম আলোচিত নাম বৈভব সুর্যবংশী। তাঁকে ঘিরে যে পরিমাণ প্রত্যাশা তৈরি হয়েছে, তা অতীতে কোনো ক্রীড়া প্রতিভার ক্ষেত্রেই দেখা যায়নি বলে মন্তব্য করেছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার ড্যারিল কালিনান।
2
8
ভারতের আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ হারের পর জাতীয় দলে সুর্যবংশীকে দ্রুত সুযোগ দেওয়ার দাবি আরও জোরালো হয়েছে।
3
8
এ প্রসঙ্গে ক্রিকেট সংক্রান্ত একটি ওয়েবসাইটে কালিনান লেখেন, ক্রিকেটে এর আগে বহু প্রতিভাবান তরুণ এসেছেন, কিন্তু একসঙ্গে অল্প বয়স, অসাধারণ প্রতিভা এবং সামাজিক যোগাযোগমাধ্যমের বিপুল চাপ, এই তিনের এমন সমন্বয় আগে দেখা যায়নি।
4
8
তাঁর মতে, সুর্যবংশীর প্রতি সবার শুভেচ্ছা ও যত্ন থাকলেও সেটাই যথেষ্ট নয়। পরিবার, কোচ, আইপিএল ফ্র্যাঞ্চাইজি কিংবা বিসিসিআই, সবাই তাঁর উন্নয়নের কথা বলবে, কিন্তু প্রকৃত অর্থে তাঁকে সুরক্ষা দেওয়াই এখন সবচেয়ে জরুরি।
5
8
বিহারের তাজপুর থেকে উঠে আসা সুর্যবংশী ছোটবেলা থেকেই বিস্ফোরক ব্যাটিংয়ের জন্য পরিচিতি পান। অল্প বয়সেই রঞ্জি ট্রফিতে অভিষেক, ১৪ বছর বয়সে আইপিএলে কোনো ভারতীয়র দ্রুততম শতরান এবং ২০২৬ সালের আইপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার কৃতিত্ব অর্জন করেন তিনি। খুব শীঘ্রই ভারতের জার্সিতে তাঁর আন্তর্জাতিক অভিষেকও হতে পারে বলে মনে করা হচ্ছে।
6
8
তবে কালিনানের মতে, এই বয়সে সুর্যবংশীর সবচেয়ে বেশি প্রয়োজন স্বাভাবিক শৈশব। তিনি বলেন, এখন তাঁর বাড়িতে থেকে পরীক্ষার প্রস্তুতি নেওয়া, বন্ধুদের সঙ্গে গলির ক্রিকেট খেলা এবং একজন সাধারণ কিশোরের মতো বেড়ে ওঠার সুযোগ পাওয়া উচিত। প্রতিভাকে অস্বীকার না করে বরং সঠিকভাবে বিকশিত হওয়ার জন্য শারীরিক ও মানসিকভাবে সময় দেওয়া প্রয়োজন। অকাল চোটের ঝুঁকি থেকেও তাঁকে রক্ষা করতে হবে।
7
8
কালিনান আরও বলেন, ক্রিকেটপ্রেমীদের আশা করা উচিত সুর্যবংশী যেন ৪০ বছর বয়স পর্যন্ত সফল ক্যারিয়ার গড়তে পারেন, ২৫ বছরেই যেন হারিয়ে না যান। তাঁর প্রতিভা যেন তাঁর জীবনের নিয়ন্ত্রক না হয়ে ওঠে। আগামী তিন বছর তাঁকে ক্যামেরার আলো থেকে কিছুটা দূরে রেখে স্বাভাবিক জীবনযাপনের সুযোগ করে দেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মত তাঁর।
8
8
পাশাপাশি পরামর্শের জন্য ভারতের কিংবদন্তি শচীন তেন্ডুলকারের শরণাপন্ন হওয়ার আহ্বান জানিয়েছেন কালিনান। তাঁর বিশ্বাস, তেন্ডুলকার নিজেও অল্প বয়সে একই ধরনের চাপের মধ্য দিয়ে গেছেন। তাই সুর্যবংশীর সর্বোত্তম পথপ্রদর্শক হতে পারেন তিনিই।