বঙ্গোপসাগরে শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় অর্ণব। মঙ্গলবার থেকেই অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার উপকূলবর্তী এলাকায় শুরু হয়েছে ঝড়বৃষ্টি। বুধবার সকালে অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড়ের।
2
11
পরিস্থিতির মোকাবিলায় তৎপর হয়েছে দুই রাজ্যের প্রশাসন। নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের। পাশাপাশি, দুর্যোগের আশঙ্কায় আগামী দু’দিনের জন্য বাতিল করা হয়েছে অন্তত ৬৫টি ট্রেন ও ২১টি উড়ান।
3
11
ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) জানিয়েছে, মঙ্গলবার সকাল সাড়ে ১১টা নাগাদ ঘূর্ণিঝড়টি বিশাখাপত্তনমের দক্ষিণ-দক্ষিণ-পূর্ব দিকে প্রায় ১৭০ কিলোমিটার দূরে অবস্থান করছিল। প্রথমে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে এগিয়ে পরে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে এর। বুধবার সকালে ইয়ানাম এবং বাপটলা ও বিশাখাপত্তনমের মধ্যবর্তী উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়টি।
4
11
ঝড়ের গতিবেগ ঘণ্টায় ১২৫ থেকে ১৩৫ কিলোমিটার থাকতে পারে। দমকা হাওয়ার বেগ ঘণ্টায় ১৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে বলে পূর্বাভাস। এর প্রভাবে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার পাশাপাশি পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ছত্তীসগঢ় এবং উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।
5
11
ঘূর্ণিঝড়ের মোকাবিলায় অন্ধ্রপ্রদেশে প্রায় ৪,০০০টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। রাজ্য বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, সোমবার রাত পর্যন্ত প্রায় ৫০,০০০ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরানো হয়েছে। বিপজ্জনক এলাকাগুলি থেকে প্রায় চার লক্ষ মানুষকে সরানোর প্রয়োজন হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
6
11
মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু নিচু এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া, ত্রাণের ব্যবস্থা এবং বিদ্যুৎ পরিষেবা দ্রুত পুনরুদ্ধারের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন। রাজ্যের ২০টি জেলায় ২,১৩১টি আশ্রয়স্থল চিহ্নিত করা হয়েছে। চিকিৎসার জন্য ১,০৮৭টি মেডিক্যাল টিম, ৮,২৮১টি জরুরি শয্যা এবং ১,২৭৪টি অ্যাম্বুল্যান্স প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি, ১,৩৫১ জন অন্তঃসত্ত্বা মহিলাকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
7
11
শ্রীকাকুলামে ভারী বৃষ্টি এবং বিশাখাপত্তনম ও কাকিনাড়ায় ঝোড়ো হাওয়ার খবর মিলেছে। সমুদ্র উত্তাল থাকায় উপকূলবর্তী এলাকায় যান চলাচলও ব্যাহত হচ্ছে। রাজ্যের ১০টি জেলায় মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
8
11
ওড়িশা প্রশাসন জানিয়েছে, নিচু ও ধসপ্রবণ এলাকা থেকে প্রায় ৪৮,০০০ মানুষকে সরানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। রাজ্যে ১৩৫টি স্থায়ী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র এবং প্রায় ১,৬০০টি অস্থায়ী আশ্রয়স্থল চিহ্নিত করা হয়েছে। উদ্ধারকাজের জন্য জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং দমকলের মোট ২৯৪টি দল মোতায়েন করা হয়েছে।
9
11
পুরী, গজপতি, গঞ্জাম-সহ ছয়টি জেলায় ১২ থেকে ২০ সেন্টিমিটার বৃষ্টির পূর্বাভাস দিয়ে কমলা সতর্কতা জারি করা হয়েছে। পারাদীপ, ধামরা ও গোপালপুর বন্দরে সতর্কতা জারি হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
10
11
ঘূর্ণিঝড়ের জেরে পূর্ব ও দক্ষিণ উপকূলবর্তী এলাকায় রেল পরিষেবা ব্যাহত হয়েছে। মঙ্গলবার ও বুধবার একাধিক রুটে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। বাতিল হয়েছে অন্তত ৬৫টি ট্রেন ও ২১টি উড়ান। উপকূলবর্তী এলাকায় সমুদ্র উত্তাল থাকায় পর্যটকদেরও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
11
11
প্রশাসনের লক্ষ্য, দ্রুত উদ্ধারকাজ সম্পন্ন করে প্রাণহানি এড়ানো এবং ঘূর্ণিঝড়ের পর বিদ্যুৎ, পানীয় জল ও অন্যান্য জরুরি পরিষেবা স্বাভাবিক রাখা।ঘূর্ণিঝড় অর্ণবের নামকরণ করেছে বাংলাদেশ। বাংলায় ‘অর্ণব’ শব্দের অর্থ সমুদ্র বা মহাসাগর।