সংবাদ সংস্থা মুম্বই: ব্যক্তিগত জীবন নিয়ে ফের মুখ খুললেন অভিনেতা বিবেক ওবেরয়। নিজের প্রেমজীবন এবং প্রেম ভাঙা নিয়ে অকপট হলেন অভিনেতা। ২০১০ সালে প্রিয়াঙ্কা আলভার সঙ্গে বিবাহসূত্রে আবদ্ধ হওয়ার আগে একাধিক তারকার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। সম্প্রতি, এক সাক্ষাৎকারে বিবেক ভাগ করে নিলেন নিজের প্রেমজীবনে ওঠাপড়ার নানা উপলব্ধি।
‘সাঁথিয়া’ অভিনেতা জানিয়েছেন, প্রেম ভাঙার পর ভীষণ কষ্ট পেয়েছিলেন তিনি। আর এই কষ্ট পাওয়ার সময়টা দীর্ঘায়িত হয়েছিল বেশ অনেকগুলো বছর। বিবেক আরও জানান, প্রেম ভাঙার পর তিনি নাকি আর কোনও দিন সম্পর্কে জড়াতে চাননি। নয়া প্রজন্মকে প্রেমভাঙার প্রসঙ্গে পরমার্শ দিতে গিয়ে বিবেক ওবেরয় বললেন, “অনেক সময়েই মন ভাল করার পরিবর্তে আবেগের উপর জোর দিই। প্রেম ভাঙার পর সব ছেড়েছুড়ে দেওয়াটা কাজের কথা নয়। প্রেম ভাঙার পর কেউ নিজেকে সম্পূর্ণ গুটিয়ে ফেলে আবার কেউ বা ফের সম্পর্ক জড়ানোর বদলে বহু মেয়েদের সঙ্গে আনন্দে মেতে ওঠে। এগুলো কোনওটাই ঠিক নয়। প্রেম ভাঙার পর সব ছেড়েছুড়ে দেওয়াটা কাজের কথা নয়। এর অর্থ প্রাক্তনকে নিজের সত্তার উপর নিয়ন্ত্রণ করার সুযোগ দিচ্ছ। এটা ভুল। এর বদলে নিজের উত্তরণ করা উচিত। সেই বিষয়ে মন দেওয়া উচিত।”
আরও বলেন, “প্রেম ভাঙার পর নিজেকে বদলে ফেলেছিলাম। এতটাই যে প্রেমে ডুবে থাকা নিজের সেই সত্তাকে ভুলেই গিয়েছিলাম। নিজের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম যে, আর কোনও দিন সম্পর্কে জড়াব না।’’ নিজেকে সপূর্ণ বদলে ফেলেন। অভিনেতার কথায়, “একপ্রকার শাস্তি দিচ্ছিলাম নিজেকে।” অবশ্য প্রিয়াঙ্কা জীবনে আসার পর বদলে যায় তাঁর জীবন।
২০০৩ সালে ‘কিঁউ! হো গয়া না’ ছবির সেটে ঐশ্বর্যার সঙ্গে বিবেকের প্রেম শুরু হয়। এরপর ২০০৫ সালে ঐশ্বর্যা-বিবেকের বিচ্ছেদ হয়। ২০১০ সালে প্রিয়াঙ্কা আলভার সঙ্গে বিবাহসূত্রে আবদ্ধ হন বিবেক।
