কলেজের লাইব্রেরিতে শান্ত পরিবেশে মন দিয়ে বই খুঁজছিল পড়ুয়ারা। কিন্তু একটি নির্দিষ্ট সেলফে বইয়ের সারির ফাঁকে হাত দিতেই চোখ চড়কগাছ! সেখানে কোনও ধুলোবালি বা পুরোনো নথি নয়, বরং কুন্ডলী পাকিয়ে লুকিয়ে রয়েছে আস্ত এক জ্যান্ত সাপ! গত ৪ জুন কেরলের পলক্কড় -এর ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া কলেজে ঘটে যাওয়া এই হাড়হিম করা ঘটনার ভিডিও বর্তমানে সোশ্যাল মিডিয়ায় মারাত্মকভাবে ভাইরাল। লাইব্রেরির বইয়ের তাকে সাপের লুকিয়ে থাকার এই অদ্ভুত ও রোমাঞ্চকর দৃশ্য নেটিজেনদের একাধারে যেমন চমকে দিয়েছে, তেমনই মুগ্ধও করেছে।
জানা গেছে, গত বৃহস্পতিবার ভিক্টোরিয়া কলেজের সংস্কৃত বিভাগের লাইব্রেরিতে পড়াশোনা করতে এসেছিল বেশ কিছু ছাত্রছাত্রী। বইয়ের তাকে দরকারি বই খোঁজার সময়ই এক পড়ুয়া প্রথম খেয়াল করে যে, দুটো মোটা বইয়ের মাঝখানের ফাঁকা জায়গায় একটি সাপ ঘাপটি মেরে বসে আছে। লাইব্রেরির মতো একটা বদ্ধ জায়গায় সাপ দেখে স্বাভাবিকভাবেই তীব্র আতঙ্ক ছড়ায় পড়ুয়াদের মধ্যে। তারা চিৎকার করে লাইব্রেরিয়ান ও কলেজ কর্তৃপক্ষকে বিষয়টি জানায়। পরিস্থিতির গুরুত্ব বুঝে কলেজ কর্তৃপক্ষ কোনো ঝুঁকি না নিয়ে সরাসরি স্থানীয় বন দপ্তরের সঙ্গে যোগাযোগ করে সাহায্য চায়।

খবর পেয়েই দ্রুত কলেজে এসে পৌঁছান বন দপ্তর অনুমোদিত পেশাদার সাপ উদ্ধারকারী অনুপ। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, উদ্ধারকারী অনুপ অত্যন্ত শান্ত মাথায় এবং অত্যন্ত সতর্কতার সঙ্গে বইয়ের তাকগুলো পরীক্ষা করছেন। এরপর সাপটির অবস্থান নিশ্চিত করে কোনও তাড়াহুড়ো না করে, বইগুলোর কোনও ক্ষতি না করেই সাপটিকে আলতো করে টেনে বের করে আনেন।
সবচেয়ে স্বস্তির বিষয় হল, এই পুরো অপারেশন চলাকালীন সাপটির কোনও ক্ষতি হয়নি এবং লাইব্রেরিতে উপস্থিত কোনও পড়ুয়া বা কর্মী কিন্তু আহত হননি। সাপটিকে উদ্ধার করে একটি ব্যাগে নিরাপদে ভরে কলেজ ক্যাম্পাস থেকে দূরে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। সাপ উদ্ধারের পর উপস্থিত ছাত্রছাত্রী ও শিক্ষকদের মুখে স্বস্তির হাসি ফেরে।
কেরলে সাপের দেখা পাওয়া খুব একটা নতুন বিষয় না হলেও, একটি নামী কলেজের লাইব্রেরির ভেতরে বইয়ের তাকে সাপ পাওয়ার ঘটনা সত্যিই বিরল। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আসতেই লাইক ও কমেন্টের বন্যা বয়ে গেছে। নেটিজেনদের একাংশ এই উদ্ধারকাজের প্রশংসা করে যেমন লিখেছেন, “এত শান্তভাবে এত নিখুঁত উদ্ধারকাজ সত্যিই দেখার মতো।”
অন্যদিকে, রসিক নেটিজেনরা মজাদার ট্রোল শুরু করেছেন। একজন লিখেছেন, “সাপটি বোধহয় উচ্চশিক্ষার জন্য লাইব্রেরিতে এসেছিল, ও বোধহয় সংস্কৃত সাহিত্য পড়তে ভালবাসে!” অন্য এক নেটপাড়ার বাসিন্দার মন্তব্য, “বইয়ের পোকা তো অনেক দেখেছি, এবার বইয়ের সাপও দেখে নিলাম!” সব মিলিয়ে বইয়ের তাকে সাপের এই ‘সংস্কৃত শিক্ষা’র ভিডিও এখন নেটদুনিয়ার হট টপিক।















