আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যেই দেখা দিয়েছিল মারাত্মক যান্ত্রিক গোলযোগ। প্রাণ বাঁচাতে এবং বিমানটিকে সুরক্ষিতভাবে নামিয়ে আনতে লা রোমানা আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ বা ‘ইমার্জেন্সি ল্যান্ডিং’-এর চেষ্টা করেছিলেন দুই বিমানচালক। কিন্তু রানওয়ে ছুঁতেই ঘটল চরম বিপর্যয়! বিকট শব্দে বিস্ফোরণের সঙ্গে সঙ্গেই দাউদাউ আগুনের লেলিহান শিক্ষা ছড়িয়ে পড়ল চারপাশে। ক্যারিবিয়ান সাগরের কোলে অবস্থিত দ্বীপরাষ্ট্র ডোমিনিকান রিপাবলিকে ঘটে যাওয়া এই মর্মান্তিক ব্যক্তিগত বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বিমানে থাকা পাইলট এবং কো-পাইলট দুজনেই। কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, সৌভাগ্যবশত দুর্ঘটনার সময় ওই ব্যক্তিগত বিমানে আর কোনও যাত্রী বা ক্রু সদস্য উপস্থিত ছিলেন না।
দুর্ঘটনার পরপরই লা রোমানা বিমানবন্দরের বেশ কিছু হাড়হিম করা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। একটি ভিডিওতে দেখা যাচ্ছে, রানওয়েতে অত্যন্ত রুক্ষ ও বিপজ্জনক অবতরণের পরপরই আস্ত গালফস্ট্রিম জেটটি আগুনের গ্রাসে চলে যায়। অন্য একটি ক্লিপে দেখা যাচ্ছে, বিমানবন্দর চত্বর থেকে কালো ধোঁয়ার এক বিশাল কুন্ডলী আকাশ ঢেকে ফেলেছে, আর দমকলের একাধিক ইঞ্জিন ও ট্রাক অনবরত জল স্প্রে করে সেই বিধ্বংসী আগুন নিয়ন্ত্রণে আনার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে।

মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আমেরিকার নথিভুক্ত ‘গালফস্ট্রিম জি২০০’ মডেলের এই প্রাইভেট জেটটি ডোমিনিকান রিপাবলিক থেকে আমেরিকার টেক্সাসের অস্টিনের উদ্দেশ্যে রওনা দিয়েছিল।কিন্তু ওড়ার কিছুক্ষণের মধ্যেই লা রোমানা বিমানবন্দর থেকে প্রায় ১৬ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে মাঝ-আকাশে বিমানটিতে তীব্র যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। বিপদ বুঝে পাইলটেরা অবিলম্বে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করে ‘ইমার্জেন্সি’ ঘোষণা করেন এবং বিমানটিকে ঘুরিয়ে পুনরায় লা রোমানা বিমানবন্দরেই ফিরিয়ে নিয়ে আসেন। কিন্তু রানওয়ে স্পর্শ করার মুহূর্তেই নিয়ন্ত্রণ হারিয়ে বিমানটিতে আগুন ধরে যায় এবং মুহূর্তের মধ্যে সেটি একটি জ্বলন্ত অগ্নিগোলকের মতো বিস্ফোরিত হয়।
কী কারণে এই মার্কিন গালফস্ট্রিম প্রাইভেট জেটটিতে এত বড় যান্ত্রিক গোলযোগ দেখা দিল এবং ল্যান্ডিংয়ের সময় কেনই বা বিস্ফোরণ ঘটল— তার কারণ খতিয়ে দেখতে ইতিমধ্যেই একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।ডোমিনিকান ইনস্টিটিউট অফ সিভিল এভিয়েশন (IDAC) সামাজিক মাধ্যম ‘এক্স’ (সাবেক টুইটার)-এ একটি আনুষ্ঠানিক বিবৃতি শেয়ার করে জানিয়েছে -
“বিমান চলাচল কর্তৃপক্ষ অবিলম্বে সংশ্লিষ্ট প্রোটোকল সক্রিয় করেছে এবং এই দুর্ঘটনার আসল কারণ খতিয়ে দেখতে প্রয়োজনীয় তদন্ত শুরু করেছে। আইডিএসি এবং সিভিল এভিয়েশন অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন কমিশন (CIAA)— দুই সংস্থাই যৌথভাবে তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে আরও বিস্তারিত তথ্য দেশবাসীকে জানাবে।”
ক্যারিবিয়ান অঞ্চলের ১১.৬ মিলিয়ন জনসংখ্যার দেশ ডোমিনিকান রিপাবলিকের অর্থনীতির প্রধান চালিকাশক্তি হল পর্যটন শিল্প। আর লা রোমানা বিমানবন্দরটি মূলত পর্যটকদের যাতায়াতের জন্যই ব্যবহার করা হয়। উল্লেখ্য, এর আগে ২০২১ সালেও দেশটির রাজধানী সান্তো ডোমিঙ্গোর লাস আমেরিকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওড়ার কিছুক্ষণ পর একটি বেসরকারি বিমান ভেঙে পড়ে ৯ জনের মৃত্যু হয়েছিল। পাঁচ বছরের মাথায় ফের একই ধরণের প্রাইভেট জেট বিপর্যয় নতুন করে বিমান সুরক্ষার দিকে আঙুল তুলে দিল।















