তাজমহল — পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্যতম এই ঐতিহাসিক স্মৃতিসৌধের সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন দেশ-বিদেশ থেকে হাজার হাজার পর্যটক ছুটে আসেন আগ্রায়। কিন্তু এবার সেই তাজমহল চত্বরের এক অভাবনীয় ও অদ্ভুত দৃশ্য ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। কোনও রাজকীয় স্থাপত্য বা ইতিহাসের গল্প নয়, বরং এক দল বানরের জলকেলির ভিডিও এখন নেটপাড়ার হট টপিক। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, তাজমহল চত্বরের ভেতরে থাকা একটি জলাশয়ের মধ্যে দিব্যি মেজাজে ‘পুল পার্টি’ চালাচ্ছে ওই বানরের দল!  এই হাঁসফাঁস গরমে মনের সুখে হুল্লোড় করে সাঁতার কাটতে দেখা গেল ওই একঝাঁক বানরকে।

সোশ্যাল মিডিয়ায় হু হু করে ছড়িয়ে পড়েছে নিজেদের 'কুল' রাখার জন্য বানরদের এই কীর্তির ভিডিওগুলি। দেখা যাচ্ছে, প্রচণ্ড গরম থেকে বাঁচতেই  বানরের দলটি তাজমহলের ওই জলাশয়টিকে নিজেদের ব্যক্তিগত সুইমিং পুল বানিয়ে নিয়েছে! একটির পর একটি বানর ওপর থেকে জলের মধ্যে ডাইভ দিচ্ছে, মনের সুখে হাত-পা ছুড়ে সাঁতার কাটছে। কেউ বা একে অন্যকে তাড়া করে জল ছিটিয়ে খেলছে।

 

তাজমহল পরিদর্শনে আসা পর্যটকেরা এমন কাণ্ড দেখে নিজেদের ঘরের ভেতরের ক্যামেরা ও মোবাইল ফোন তাক করতে দেরি করেননি। অনেকেই এই মজাদার দৃশ্য নিজেদের ফোনে বন্দি করতে জলাশয়টির চারপাশে ভিড় জমান। তবে বানরদের তাতে থোড়াই কেয়ার! মানুষের এই ভিড়কে তোয়াক্কা না করে তারা নিজেদের মতো করেই মজায় ব্যস্ত থাকল।  

ভিডিওটি একদিকে যেমন অনেককে বিনোদন দিয়েছে, ঠিক অন্যদিকে এই ঐতিহাসিক হেরিটেজ সাইটের নিরাপত্তা এবং বন্যপ্রাণী নিয়ন্ত্রণের কার্যকারিতা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিয়েছে। ক্ষুব্ধ নেটিজেনদের একাংশ তাজমহলের মতো আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্রের ভেতরে বন্য বানরের এই অবাধ বিচরণ নিয়ে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এবং নিরাপত্তা কর্মীদের দিকে আঙুল তুলেছেন।

সোশ্যাল মিডিয়ায় একজন ব্যবহারকারী লিখেছেন, “বানরদের ওখানে এভাবে ঢুকতে দেওয়াই উচিত হয়নি। এরা এখানে নিজেদের বংশবৃদ্ধি করবে, তাজমহল নোংরা করবে এবং আগামী দিনে পর্যটকদের ওপর হামলা চালিয়ে হুলুস্থুল কাণ্ড বাধাবে।” অন্য একজন মন্তব্য করেছেন, “তাজমহলকে যতটা সুরক্ষিত রাখা উচিত, ততটা রাখা হচ্ছে না।”

 

ইন্টারনেটে ভিডিওটি ভাইরাল হতেই দাবি করা হচ্ছিল যে, তাজমহলের মূল প্রবেশদ্বারের সামনে যে বিখ্যাত জলপথ বা প্রধান জলাশয় রয়েছে, বানরগুলো নাকি সেখানেই স্নান করছে। তবে এই দাবি পুরোপুরি নস্যাৎ করে দিয়েছেন তাজমহলের নিরাপত্তার দায়িত্বে থাকা সংশ্লিষ্ট আধিকারিকেরা।

আধিকারিকেরা স্পষ্ট করেছেন যে এটি তাজের কোনও মূল জলাশয় নয়। ভিডিওতে যে কাঠামোটি দেখা যাচ্ছে, সেটি হলো মূল সমাধিসৌধ এবং সংলগ্ন মসজিদের মাঝখানে অবস্থিত একটি জলাশয়।

 

এই ভাইরাল ভিডিওর জেরে নড়েচড়ে বসেছে তাজমহল প্রশাসন। সুরক্ষার গলদ নিয়ে প্রশ্ন উঠতেই তাজমহলের সিনিয়র সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট কালান্দর  জানিয়েছেন, পুরো ঘটনার সত্যতা যাচাই করতে ইতিমধ্যেই একটি উচ্চপর্যায়ের তদন্ত শুরু করা হয়েছে। এই ভিডিওগুলি ঠিক কবে এবং কোন সময়ে রেকর্ড করা হয়েছিল, তা খতিয়ে দেখছেন আধিকারিকেরা। একই সঙ্গে কড়া নিরাপত্তার বেষ্টনী টপকে কীভাবে এতগুলো বানর ওই জলাশয় পর্যন্ত পৌঁছে গেল, সেই রহস্য উদ্ঘাটনে সিসিটিভি ফুটেজও পরীক্ষা করা হচ্ছে।