নিজস্ব সংবাদদাতা: হৃদরোগে আক্রান্ত হয়ে গতকাল রাতেই শহরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন বিখ্যাত নাট্যব্যক্তিত্ব অরুণ মুখোপাধ্যায়। একাধিক শারীরিক পরীক্ষা করার পর ধরা পড়ে শিল্পীর হৃদযন্ত্রে রয়েছে দু'টি ব্লকেজ। শিল্পীর বয়স এবং শারীরিক অবস্থা দেখে দেরি করতে চাননি চিকিৎসকেরা। গতকাল রাতেই ওই হাসপাতালে ভর্তি হন ‘জগন্নাথ’ নাটকের পরিচালক। এরপর এদিন দুপুরে হয় অস্ত্রোপচার। দু’টি স্টেন্ট বসেছে শিল্পীর হৃদযন্ত্রে।

 

 

আজকাল ডট ইন-কে শিল্পীর ছোট ছেলে তথা অভিনেতা সুজন নীল মুখোপাধ্যায় জানিয়েছেন, এখন ভাল আছেন তাঁর বাবা।  চিকিৎসকেরা জানিয়েছেন, অবস্থা স্থিতিশীল। আপাতত আইসিইউ-তে চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন। কথা না বললেও বর্ষীয়ান শিল্পীকে কাচের ঘরের বাইরে থেকেই দেখেছেন তাঁর ছোট ছেলে। আরও জানালেন, সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল অথবা পরশু সকালেই হাসপাতাল থেকে বাড়ি ফিরতে পারবেন অরুণ মুখোপাধ্যায়। 

 

 

 


প্রসঙ্গত, প্রায় নব্বই ছুঁয়ে ফেলা এই শিল্পী দীর্ঘ বছর ধরেই বয়সজনিত কারণে অসুস্থ। ওষুধপত্র চলে নিয়মিত। গত বুধবার রাতে তীব্র অস্বস্তি হওয়াতে শিল্পীকে নিয়ে শহরের এক বেসরকরি হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হয়। অসুস্থ থাকলেও থিয়েটারের কাজের সঙ্গে নিয়মিত যুক্ত ছিলেন তিনি। সম্প্রতি জন্মদিনের অনুষ্ঠানে পরিবারের সঙ্গে সময় কাটাতে দেখা গিয়েছে অভিনেতাকে ।এমনকী, দিন তিনেক আগেও নতুন নাটক নিয়ে আলোচনা করেছেন ছোট ছেলের সঙ্গে। থিয়েটার ব্যক্তিত্বের অসুস্থায় উদ্বেগে রয়েছেন বাংলার সংস্কৃতি মহল।