দক্ষিণী 'মেগাস্টার' ও রাজনীতিবিদ থালাপাতি বিজয়ের ব্যক্তিগত জীবন এখন ঝড়ের মুখে। সঙ্গীতা স্বর্ণলিঙ্গমের সঙ্গে তাঁর ২৭ বছর ধরে দাম্পত্যে চিড় ধরার খবর এখন সোশ্যাল মিডিয়ায় তুঙ্গে। সম্প্রতি সঙ্গীতা বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করার পর থেকেই বিজয় ও তাঁর পরিবারের অভ্যন্তরীণ সমস্যাগুলো প্রকাশ্যে আসতে শুরু করেছে। তবে এই সংঘাতের আবহে সবচেয়ে বড় চমক দিলেন বিজয়ের ছেলে জেসন সঞ্জয়। বাবার নাম সরিয়ে নিজের পরিচয় বদলে ফেলার পথে হাঁটলেন তিনি।

 

খবর অনুযায়ী, থালাপতি বিজয়ের ছেলে জেসন সঞ্জয় পেশাদার দুনিয়ায় নিজের নাম থেকে বাবার পরিচয় মুছে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন। সাধারণত বিজয়ের ছেলে হিসেবেই পরিচিত ছিলেন তিনি, কিন্তু এখন তিনি নিজের নামের শেষে বাবার নামের আদ্যক্ষরের পরিবর্তে মায়ের নামের আদ্যক্ষর ব্যবহার করছেন। এখন থেকে তিনি নিজেকে ‘জেসন সঞ্জয় এস’ হিসেবে পরিচয় দিচ্ছেন, যেখানে ‘এস’ অক্ষরটি তাঁর মা সঙ্গীতাকে বোঝাচ্ছে।

 

জেসন বর্তমানে তাঁর প্রথম পরিচালিত ছবি ‘সিগমা’-র কাজ নিয়ে ব্যস্ত, যেখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন সন্দীপ কিষাণ। ছবির কাজের ফাঁকেই তাঁর এই নামকরণের বদল ফিল্ম ইন্ডাস্ট্রিতে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকে মনে করছেন, এই পদক্ষেপের মাধ্যমে জেসন স্পষ্ট করে দিলেন যে পারিবারিক অশান্তির এই কঠিন সময়ে তিনি পুরোপুরি তাঁর মায়ের পাশে রয়েছেন।

 

শুধু নাম বদলই নয়, জেসন তাঁর বাবাকে ইনস্টাগ্রাম থেকেও 'আনফলো' করেছেন বলে নেটিজেনদের একাংশ দাবি করছেন। যদিও কেউ কেউ বলছেন যে জেসন আগে থেকেই বিজয়ের অ্যাকাউন্ট 'ফলো' করতেন না। তবুও বর্তমান পরিস্থিতিতে এই বিষয়টি বাড়তি গুরুত্ব পাচ্ছে।

 

সম্প্রতি ব্যক্তিগত জীবন এবং আইনি জটিলতা নিয়ে দক্ষিণী সুপারস্টার থালাপথি বিজয় যে তুমুল বিতর্কের মুখে পড়েছেন, তা নিয়ে অবশেষে মুখ খুলেছিলেন অভিনেতা। চেন্নাইয়ে নিজের রাজনৈতিক দল ‘তামিলগা ভেট্টি কাজাগাম’-এর নারী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সমর্থকদের উদ্দেশে আবেগঘন বার্তা দেন তিনি। বিজয়ের স্পষ্ট কথা, তাঁকে ঘিরে চলা সাম্প্রতিক সমস্যাগুলি নিয়ে অনুরাগীদের দুশ্চিন্তা করার কোনও প্রয়োজন নেই।

 

৫১ বছর বয়সী এই অভিনেতা, রাজনীতিবিদ মঞ্চে দাঁড়িয়ে বলেন, "আমার চারপাশের সমস্যাগুলো নিয়ে দয়া করে আপনারা বিচলিত হবেন না। এগুলো আপনাদের মূল্যবান সময় নষ্ট করার মতো কোনও বড় বিষয়ই নয়। আমার সমস্যা আমি নিজেই সামলাতে জানি। তবে আমার খারাপ লাগে তখন, যখন দেখি আমার ব্যক্তিগত বিষয় নিয়ে আপনারা মানসিক চাপে ভুগছেন। দয়া করে এই বোঝা নিজেরা বয়ে বেড়াবেন না।" 

 

অনুরাগীদের উদ্দেশে তাঁর পরামর্শ, ব্যক্তিগত বিতর্কে কান না দিয়ে বরং জনকল্যাণমূলক কাজে মন দেওয়াই এখন সবচেয়ে বড় লক্ষ্য হওয়া উচিত।

উল্লেখ্য, গত কয়েক সপ্তাহ ধরে বিজয়ের বিবাহবিচ্ছেদ এবং ব্যক্তিগত জীবন নিয়ে সমাজমাধ্যমে নানা জল্পনা চলছে। দীর্ঘ দাম্পত্য জীবনের ইতি টেনে স্ত্রী সঙ্গীতা স্বর্ণলিঙ্গম আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন। সঙ্গীতার অভিযোগ, বিজয় এক অভিনেত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন। এর পাশাপাশি তিনি আদালতে বাসস্থানের অধিকার এবং আর্থিক সাহায্যেরও আবেদন জানিয়েছেন।