নিজস্ব সংবাদদাতা: অত্যন্ত অসুস্থ হয়ে বাড়িতে শয্যাশায়ী বর্ষীয়ান অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়।এই খবর সম্পূর্ণ গুজব তা নিশ্চিত করলেন অভিনেত্রী পিঙ্কি বন্দোপাধ্যায়। চোট পাওয়ায় কিছুদিন বিশ্রামে থাকলেও এখন ভালো আছেন বর্ষীয়ান অভিনেত্রী।

সাবিত্রী চট্টোপাধ্যায় কে নিয়ে ফের গুজব। তিনি নাকি অত্যন্ত অসুস্থ, এই কারণেই অভিনেত্রীকে দেখা যাচ্ছে না স্টার জলসার 'রোশনাই' ধারাবাহিকে। এই খবর যে একেবারেই সঠিক নয় তা নিয়ে মুখ খুললেন পিঙ্কি বন্দ্যোপাধ্যায়। শীতকালে বেশ কিছুদিন অসুস্থ ছিলেন সাবিত্রী চট্টোপাধ্যায়, সেই সময় নেবুলাইজার নিতে হয় অভিনেত্রীকে। তবে এখন তিনি অনেক ভালো আছেন। কিন্তু কিছুদিন আগেই সামান্য চোট পান এই বর্ষিয়ান অভিনেত্রী, সেই কারণে কয়েক দিনের জন্য বিশ্রামে রয়েছেন তিনি। তবে ভুল খবরের জন্য ইন্ডাস্ট্রির একাধিক মানুষ ফোন করছেন পিঙ্কি বন্দোপাধ্যায় ও সাবিত্রী চট্টোপাধ্যায় দুজনকেই, দুশ্চিন্তাও করছেন অনেকে। তবে যে অসুস্থতার খবর ছড়ানো হচ্ছে তা একেবারেই সঠিক নয়। এ কথা সত্যি যে এই মুহূর্তে বাড়িতে কিছুদিনের বিশ্রামে রয়েছেন সাবিত্রী চট্টোপাধ্যায়। "বয়স বাড়লে নানান শারীরিক সমস্যা বাড়তেই থাকে, তবে তা নিয়ে বাড়িয়ে বলা একেবারেই ঠিক নয়", জানালেন পিঙ্কি। 'রোশনাই' ধারাবাহিকে বহু বছর পর একসঙ্গে অভিনয় করার কথা ছিল সাবিত্রী চট্টোপাধ্যায় এবং মাধবী মুখোপাধ্যায়ের, তবে এই মুহূর্তে সাবিত্রী চট্টোপাধ্যায়কে দেখা যাচ্ছে না। তার কারণ আর কিছুই নয়, চোট পাওয়ার ফলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কয়েকদিনের বিশ্রামে আছেন অভিনেত্রী। তবে একটু সুস্থ হলেই আবারও কাজে ফিরবেন তিনি, এমনটাই জানালেন পিঙ্কি বন্দোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া খবরের সত্যতা যাচাই না করে এই ধরনের খবরে বিশ্বাস না করার অনুরোধ জানালেন পিঙ্কি। পাশাপাশি এও জানালেন, সম্ভবত খুব শীঘ্রই সুস্থ হয়ে আবারও কাজে ফিরবেন সাবিত্রী চট্টোপাধ্যায়।