উজান-কুইনের গল্প ফুরল না, তার আগেই শুরু হল 'ভোলেবাবা পার করেগা'র নতুন সিজন। এই তিন নম্বর সিজনে এবার দেখা যাবে দুই বোনের গল্প। রূপাঞ্জনা ও নীলাঞ্জনার গল্প নিয়ে এগোবে এই ধারাবাহিক। মুখ্য দুই চরিত্রে আছেন অভিনেত্রী বর্ণিনী চক্রবর্তী ও নবাগতা শ্রেয়া বসাক। এবার জানা যাচ্ছে, নতুন সিজনের নায়ক হয়ে আসছেন অভিনেতা আদিত্য বক্সি। ধারাবাহিকে তাঁর চরিত্রের নাম 'অভিনব সেন'। ইতিমধ্যেই নতুন চরিত্রে শুটিং শুরু করেছেন তিনি।
'ভোলেবাবা পার করেগা'র নতুন সিজনের গল্পে বর্ণিনীর চরিত্রের নাম নীলাঞ্জনা, সে তার বোন রূপাঞ্জনাকে কিছুতেই সহ্য করতে পারে না। অন্যদিকে, শ্রেয়া ওরফে রূপাঞ্জনা বড়ই শান্তশিষ্ট। সে মনে সব কষ্ট চেপে রাখলেও মুখ ফুটে কিছু বলে না। জানা যাচ্ছে, অল্পদিনের নোটিশে শুরু হয়েছে এই ধারাবাহিক। জানা যাচ্ছে, পরে ত্রিকোণ প্রেমের গল্প দেখানো হবে।
যদিও আগামীকাল অর্থাৎ ৭ এপ্রিল, মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ টলিপাড়ার সমস্ত শুটিং। গত রবিবার বিবৃতি প্রকাশ করে আর্টিস্ট ফোরাম এই তথ্য জানিয়েছেন। ফলে 'ভোলেবাবা পার করেগা'র নতুন সিজন শুরু হয়েও এখন অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে এই ধারাবাহিকের শুটিং ফ্লোর।
প্রসঙ্গত, রবিবার আর্টিস্ট ফোরামের বিবৃতিতে লেখা ছিল, 'প্রিয় সদস্যবন্ধু, আপনারা সকলেই জানেন গত ২৯শে মার্চ ২০২৬ 'ভোলে বাবা পার করেগা' ধারাবাহিকের শুটিং চলাকালীন আমাদের সকলের বন্ধু ও আমাদের সংগঠনের সদস্য রাহুল অরুণোদয় বন্দোপাধ্যায়ের আকস্মিক মৃত্যু ঘটে। প্রিয় সদস্যের অকাল প্রয়াণের প্রকৃত কারণ আমাদের কাছে এখনও অজানা। সেই পরিপ্রেক্ষিতে আমরা আজ, ৫ই এপ্রিল ২০২৬, টেকনিশিয়ান্স স্টুডিওতে একটি জরুরী সভার আয়োজন করেছিলাম। উক্ত সভায় আর্টিস্ট ফোরাম, ফেডারেশন, টেলিভিশন প্রযোজক ও পরিচালকদের উপস্থিতিতে স্থির করা হয়েছে, আগামী ৭ই এপ্রিল ২০২৬, সকাল ৭টা থেকে অনির্দিষ্ট কালের জন্য আমরা, শিল্পী ও কলাকুশলীরা, কর্মবিরতি পালন করতে চলেছি। যতক্ষণ না শুটিংএ (ইনডোর ও আউটডোর) শিল্পী ও কলাকুশলীদের যথাযথ সুরক্ষা ও নিরাপত্তার বিষয়টি পুঙ্খানুপুঙ্খ ভাবে পর্যালোচনার মাধ্যমে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া হচ্ছে। উপরিউক্ত সিদ্ধান্তের সমর্থনে আগামী ৭ই এপ্রিল ২০২৬ টেকনিশিয়ান্স স্টুডিও তে সকাল ১০টা থেকে সকল সদস্যকে উপস্থিত থাকার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে। আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের মনোবল বৃদ্ধি করবে প্রত্যয় আমাদের।যারা ইতি মধ্যে কলকাতা বা রাজ্যের বাইরে আউটডোর শুটিং এ আছেন তাদের ক্ষেত্রে এই নির্দেশ প্রযোজ্য নয়।' (বিবৃতির সমস্ত বানান অপরিবর্তিত রাখা হয়েছে।)
















