সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?

 

'ভেড়িয়া ২'-এ বরুণ-শ্রদ্ধা

 

রাজকুমার রাও ও শ্রদ্ধা কাপুর অভিনীত 'স্ত্রী ২' বক্স অফিসে ঝড় তুলেছে। এই ছবির জন্য দর্শকের থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে বরুণ ধাওয়ানের ক্যামিও চরিত্রটিও। 'ভেড়িয়া' রূপে ছবিতে তাঁর প্রবেশ এক অন্য মাত্রা এনে দিয়েছে গল্পে। কিন্তু এরপর থেকেই 'ভেড়িয়া ২' নিয়ে নেটিজেনদের মধ্যে চলছে জোর গুঞ্জন। এমনকী ছবির শেষেও এই বিষয়ে খানিকটা ইঙ্গিত পেয়েছেন দর্শক। 'ভেড়িয়া ২'-এ শ্রদ্ধা কাপুরের সঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে বরুণকে! এমনটাই মনে করছেন তাঁদের অনুরাগীরা।

 

'ছাবা'য় কোন চরিত্রে অক্ষয় খান্না?

 

সম্প্রতি মুক্তি পেয়েছে 'ছাবা'র টিজার। মারাঠায় ছত্রপতি শিবাজির ছেলে শম্ভাজি মহারাজের কাহিনি উঠে আসবে এই ঐতিহাসিক ছবির গল্পে। মুখ্য চরিত্রে দেখা যাবে অভিনেতা ভিকি কৌশলকে। ছবিতে ঔরঙ্গজেবের ভূমিকায় দর্শকের নজর কাড়তে চলেছেন অক্ষয় খান্না। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অভিনেতার চরিত্রের লুক।

 

নিজের বাড়ি বিক্রি করছেন মনোজ বাজপেয়ী?

 

মুম্বইয়ের বিলাসবহুল আবাসন বিক্রি করছেন বলি অভিনেতা মনোজ বাজপেয়ী। ২০১৩ সালে স্ত্রী শাবানা বাজপেয়ীর সঙ্গে এই আবাসনে এসেছিলেন অভিনেতা। সেইসময় এই আবাসনের জন্য তিনি ব্যায় করেছিলেন ৬.৪ কোটি টাকা। বর্তমানে ৯ কোটির বিনিময়ে এই বিলাসবহুল আবাসনটি বিক্রি করছেন অভিনেতা।

 

এই কারণে মেয়েকে 'গজনি' দেখাননি আমির! 

 

সম্প্রতি, সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে আমির খান ও তাঁর মেয়ে ইরার একটি পুরনো সাক্ষাৎকারের ভিডিও। সেখানে ইরা বলেছেন, 'গজনি' ছাড়া তিনি বাবার সব ছবি দেখেছেন। এই প্রসঙ্গে আমির বলেন, "গজনিতে আমার চরিত্রটা খুব হিংস্র ছিল। ইরা তখন অনেক ছোট ছিল তাই আমি চাইনি ও আমায় এইভাবে দেখে ভয় পাক।"

 

নরেন্দ্র মোদীকে হারিয়ে দিলেন শ্রদ্ধা 

 

'স্ত্রী ২'-এর সাফল্যের পর আরও একটি মাইল ফলক পেরোলেন অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। তাঁর সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সংখ্যা ছাড়িয়ে গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও। ইন্সটাগ্রামে অনুসরণকারীদের সংখ্যা ৯১.৪ মিলিয়ন পেরোলেন অভিনেত্রী। যেখানে নরেন্দ্র মোদীর অনুসরণকারীদের সংখ্যা ৯১.৩ মিলিয়ন। এই সাফল্যের মাধ্যমে ইন্সটাগ্রামে ভারতের তৃতীয় সর্বোচ্চ অনুসরণকারী হয়ে উঠেছেন শ্রদ্ধা।