নতুন মোড় আসছে জি বাংলার ধারাবাহিক 'আনন্দী'তে। গল্পের নতুন টুইস্টে দেখা যেতে চলেছে খুনের দায়ে জেলে যেতে চলেছে আদি! কিন্তু কার খুনের দায় এসে পড়ল তার উপর? সদ্য প্রকাশ্যে আসা ধারাবাহিকের নতুন প্রোমোয় দেখা যাচ্ছে আনন্দী জেনে গিয়েছে মেডিনেস্টের নাম খারাপ করার জন্য যা যা চক্রান্ত এতদিন ধরে চলছিল তার মূলে রয়েছে দময়ন্তী। আর এই খবর পেয়েই পুলিশ নিয়ে আনন্দী যায় দময়ন্তীকে গ্রেফতার করতে।
ঘরে ঢুকেই আনন্দী দেখতে পায় দময়ন্তীকে কেউ বা কারা খুন করেছে। দময়ন্তীর নিথর দেহ দেখে চমকে ওঠে সে। ভয় পেয়ে আদির নাম ধরে ডাকতে থাকে। কিন্তু ঘরের কোথাও আদি নেই। এর মধ্যেই একদল পুলিশ এসে আদিকে গ্রেফতার করে দময়ন্তীর খুনের দায়ে। আনন্দীর সামনেই তাকে পুলিশ ধরে নিয়ে যায়, কিন্তু কিছুই করতে পারে না আনন্দী। এদিকে আদি ও আনন্দীর এই অবস্থা দেখে আড়াল থেকে হাসতে থাকে দময়ন্তীর মা নন্দিনী। তাহলে কি মেয়েকে নিয়ে ফের নতুন চক্রান্ত শুরু করছে নন্দিনী? কী হবে শেষমেশ? আদিকে কি বিপদের জাল থেকে বের করতে পারবে আনন্দী? উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বে। ইতিমধ্যেই প্রোমো দেখে উত্তেজনা ছড়িয়েছে দর্শক মহলে।
আসলে নন্দিনী ছলনা করে দময়ন্তীকে নিয়ে লাহিড়ী বাড়িতে এসে উঠেছে। সে জানিয়েছে আদির বাবারই অবৈধ সন্তান দময়ন্তী। তাই অধিকার রক্ষা করতে এই বাড়িতে আশ্রয় নিয়েছে তারা। কিন্তু মিথ্যের জালে আদির বাবাকে ফাঁসিয়েছে নন্দিনী। তারপর থেকেই মেডিনেস্টের সুনাম নষ্ট করার জন্য উঠেপড়ে লেগেছে দময়ন্তী ও নন্দিনী। বারবার আনন্দীর চোখে ধরা পড়তে গিয়েও তারা নিজেদের বাঁচিয়ে নিয়েছে। কিন্তু এবার কী হবে? আদিকে ফাঁসিয়ে জিতে যাবে নন্দিনী? নাকি এবার চরম পদক্ষেপ করবে আনন্দী? উত্তরের অপেক্ষায় দর্শক।
প্রসঙ্গত, টলিপাড়ার অন্দরের গুঞ্জন এবার নাকি শেষের পথে হাঁটছে এই ধারাবাহিক। নীলাঞ্জনা শর্মার প্রযোজনা সংস্থা 'নিনি চিনিজ মাম্মাজ প্রোডাকশন হাউস'-এর ব্যানারে সম্প্রচারিত হয় এই মেগা। 'আনন্দী' মুখ্য চরিত্রে দর্শক দেখছেন ঋত্বিক মুখোপাধ্যায় ও অন্বেষা হাজরাকে। তবে এই ধারাবাহিকের শেষের খবরে এখনও পর্যন্ত সিলমোহর দেওয়া হয়নি চ্যানেল কর্তৃপক্ষের তরফে।
