এতদিন ধরে যে ফিসফাস শোনা যাচ্ছিল তাতে সিলমোহর পড়েছে। ২ দশকের সম্পর্কে ইতি টেনেছেন জয়জিৎ বন্দ্যোপাধ্যায় এবং তাঁর প্রাক্তন স্ত্রীর শ্রেয়া। এরপর শ্রেয়া অভিনেতার নামে বেশ কিছু অভিযোগ এনেছেন। তারই পাল্টা জবাব দিতে গিয়ে সে সমস্ত অভিযোগ মাথা পেতে নিলেন অভিনেতা। জানালেন তাঁর প্রাক্তন স্ত্রী নয়, সন্তানের মায়ের নামে কিছুই বলবেন না।
আজকাল ডট ইনকে এদিন জয়জিৎ বন্দ্যোপাধ্যায় তাঁর প্রাক্তন স্ত্রীর আনা অভিযোগের প্রসঙ্গে বলেন, "আমার এই বিষয়ে কিছু বলার নেই কারণ শেষ পর্যন্ত ও তো আমার সন্তানের মা। আমার সম্পর্কে সমস্ত অভিযোগ করতে পারে। আমি সেগুলো মাথা পেতে নিচ্ছি। আমার কিচ্ছু বলার নেই। আমি কাদা ছোড়াছুড়িতে নেই। আমার এখন একটাই লক্ষ্য ছেলেটাকে মানুষ করা।"
তিনি এদিন আরও বলেন, "ও বলেছে? তাহলে ও ঠিক কথাই বলেছে। আমি কি বলব? কোনও বক্তব্য রাখা মানেই আবার সময় দেওয়া, সেটা নিয়ে কাদা ছোড়াছুড়ি। সেটায় আমি বিশ্বাস করি না। আমি মেনে নিচ্ছি আমার সব খারাপ, আমি খারাপ। আমি সবটা মেনে নিচ্ছি। আমার সন্তানের মায়ের সম্পর্কে কোনও অভিযোগ নেই।"
অভিনেতা এদিন স্পষ্ট করে দেন ছেলের জন্যই কোনও আলোচনা করতে চান না। কিন্তু এই ঘটনাগুলো কি যশজিতের উপর কোনও প্রভাব ফেলছে না? অভিনেতার জবাব, "ও খুব ইন্ট্রোভার্ট, আমার মতো এক্সট্রোভার্ট নয়। ও মুখে না বললেও কখনও কখনও খারাপ লাগছে ওর। ও নিজেই নিজেকে হ্যান্ডেল করছে। যথেষ্ট ম্যাচিওর। জীবনে সবাইকে যুদ্ধ করতে হয়। ওকে ওর মতো করে যুদ্ধ করতে হয়েছে, আমাকে আমার মতো করে।"
বিচ্ছেদের পর কারণ তিনি বলেছিলেন, "যে কোনও সম্পর্কে তিক্ত হয়ে গেলে অথবা সেই সম্পর্কে ক্রমাগত তিক্ততা বাড়তে থাকলে তা ছেড়ে বেরিয়ে আসাই সৎ সিদ্ধান্ত। আর আমরা দু’জনেই যেখানে প্রাপ্তবয়স্ক তাই এই সিদ্ধান্ত দু'জন মিলেই নিয়েছি। আর একটা স্পষ্ট করে বলে দিতে চাই, একে অপরের বিরুদ্ধে আমাদের কিন্তু কোনও অভিযোগ নেই, রাগ নেই। আবার এটাও ঠিক আমার প্রাক্তন স্ত্রী এখন কী করছেন অথবা কার সঙ্গে আছেন-সে সম্পর্কে জানারও আমার বিন্দুমাত্র আগ্রহ নেই। সত্যিই নেই। কারও সঙ্গে কোনও সম্পর্ক শেষ হয়ে গেলে এই আগ্রহগুলো থাকার কথাও নয়।"
