ছবি হোক বা সিরিজ, অভিনেতা টোটা রায়চৌধুরী থাকা মানেই চমকের পর চমক থাকবেই। মাঝেমধ্যেই সমাজমাধ্যমে নিজের কাজের ঝলক ভাগ করে নেন টোটা। অনুরাগীদের তাই প্রত্যাশা অনেক বেড়ে যায় অভিনেতার নতুন কাজ নিয়ে। সম্প্রতি, সমাজমাধ্যমে নিজের দুটি লুক ভাগ করে রীতিমতো নেটপাড়ায় কৌতূহল সৃষ্টি করেছেন টোটা। তাঁর পোস্ট করা দুটি ছবির একটিতে দেখা যাচ্ছে, চোখে সরু ফ্রেমের চশমা, সাদা শার্ট পরে একদম ক্যাজুয়াল লুকে রয়েছেন। অন্য ছবিটি দেখেই দর্শক মহলে উত্তেজনার পারদ বেড়েছে। দেখা যাচ্ছে, কালো হুডি পরে রয়েছেন টোটা। মাথা পুরো কামানো, বাঁ চোখের তলায় আবার ক্ষতের চিহ্ন। অভিনেতার চাহনিতেও যেন লুকিয়ে গভীর রহস্য!
এই দুটি ছবি সংবাদমাধ্যমে ভাগ করে টোটা ক্যাপশনে লিখেছেন 'দুমুখো'। ব্যস! শুধুমাত্র এইটুকু শব্দ। কিন্তু তাতেই ঘনীভূত হয়েছে কৌতূহল। কীসের লুক এটা? কোন ছবি বা সিরিজে এমন অবতারে দেখা যেতে চলেছে টোটাকে? এরকম নানা প্রশ্ন উঠে এসেছে অভিনেতার পোস্টের মন্তব্য বাক্সে। তবে মুখে কুলুপ এঁটেছেন তিনি। কারওর মন্তব্যের জবাব দেননি।
আসল ঘটনাটা জানতে আজকাল ডট ইন-এর পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল টোটা রায়চৌধুরীর সঙ্গে। জবাবে অভিনেতা সাফ জানান, এই মুহূর্তে কিছুই নাকি বলতে পারবেন না। তাঁর কথায়, "এটা নিয়ে এখন কিচ্ছু বলাই যাবে না। ছবিটা দেখে অনেক কৌতূহল তৈরি হয়েছে ঠিকই সবার মনে, তবে এটা এখনই খোলসা করার সময় আসেনি। আরও একটু ধৈর্য ধরতে হবে।"
কিছুদিন আগে ‘পুলিশ’ ছবির মাধ্যমে টোটা বাণিজ্যিক ছবির নায়ক হিসেবে ফিরে এসেছিলেন। তবে এই অবস্থানে পৌঁছানো মোটেও সহজ ছিল না, তা নিজেই অকপটে স্বীকার করেছিলেন তিনি। আজকাল ডট ইন-কে এই ক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, “আমাদের মতো অভিনেতাদের সারাজীবন পরীক্ষা দিতে হয়।" তাঁর কথায়, “কেউ আমাদের জন্য থালায় সাজিয়ে কিছু দেয় না। রসগোল্লা তো দূরের কথা, একটা চিনির দানাও নিজে অর্জন করতে হয়। কিন্তু আমি লড়াইটা চালিয়ে যাব, কারণ লড়াই না করলে নিজেকে তৈরি করা যায় না।”
অভিনেতা আরও যোগ করেছিলেন, “অনেকে মূলধারার বাণিজ্যিক ছবিকে নিচু করে দেখেন, কিন্তু আমি মনে করি মূলধারার ছবিতে অভিনয় করাই সবচেয়ে কঠিন কাজ। এখানে দর্শককে হলে টানার দায়, সংলাপের শক্তি, গান, অ্যাকশন... সবকিছুর ভারসাম্য রাখতে হয়। হ্যাঁ, আমাদের বাজেট কম, কিন্তু আমরা কম বাজেটেও মন দিয়ে কাজ করি। দর্শক হলে এলে তবেই প্রযোজকরা নতুন করে সাহস পান।”
