টিনসেল টাউনের মায়া নগরীতে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?-----

শাস্ত্রীয় সঙ্গীতে মন
গান শিখছেন আমির খান। রোজ এক ঘণ্টা শাস্ত্রীয় সঙ্গীত শিখছেন প্রযোজক-অভিনেতা। তা হলে আবারও নতুন ভূমিকায় দেখা যাবে তাঁকে? জানা যায়নি। তবে যে কোনও নতুন জিনিস খুব আগ্রহ নিয়ে শেখেন তিনি। এর আগে মন দিয়ে রান্না শিখেছেন। আমির রাঁধুনি হিসেবেও ভীষণ ভাল। তাঁর শেষ ছবি ‘লাল সিং চড্ডা’ বক্সঅফিসে ব্যর্থ হওয়ার পর আপাতত পরিবার এবং নিজেকে সময় দিচ্ছেন তিনি।

আগে আইনি বিয়ে
৩ জানুয়ারি আইনি বিয়ে সারতে চলেছেন ইরা খান-নূপুর শিখর। এমনই খবর বলিউডে। ইতিমধ্যেই মহারাষ্ট্রীয় মতে তাঁদের বিয়ের উদযাপন শুরু হয়ে গিয়েছে। আরও খবর, রাজস্থানের উদয়পুরে বিয়ের আসর বসবে। ১৩ জানুয়ারি মুম্বইয়ে বড় রিসেপশনে বলিউডের সবাইকে আপ্যায়ন করবেন নবদম্পতি।

বরুণের নতুন ‘দুলহনিয়া’!
২০২৩-এ বরুণ ধওয়ান আর ‘দুলহা’ হননি। এদিকে বলিউড বলছে, ২০২৪-এ নাকি তিনি নতুন করে ‘দুলহনিয়া’ খুঁজতে বের হবেন। করণ জোহরের তেমনই ইচ্ছে। তাঁর ‘দুলহনিয়া’ ফ্র্যাঞ্চাইজি হিট। সেই ফ্র্যাঞ্চাইজি আবার নতুন করে শুরু করবেন বলেই ভেবেছেন। তবে এবার নাকি বরুণের বিপরীতে নতুন মুখ দেখা যাবে।

প্রকাশ্যে অসম্মান
তামিল অভিনেতা-রাজনীতিবিদ বিজয়কান্তকে শেষশ্রদ্ধা জানাতে গিয়েছিলেন থলপতি বিজয়। সেখানেই বিপত্তি। একটি বেসরকারি রাখা ছিল প্রয়াত অভিনেতার দেহ। সেখানে শেষশ্রদ্ধা জানাতে যান থলপতি বিজয়। তিনি আসার পর ভিড় উপচে পড়ে। আচমকা ভিড়ে ভেতর থেকে একটি চপ্পল উড়ে আসে আঘাত করে অভিনেতাকে। চমকে যান সবাই। নিরাপত্তারক্ষীরা অবশ্য সঙ্গে সঙ্গে পরিস্থিতি সামলে নেন। যিনি চপ্পল ছুঁড়ে দিয়েছিলেন তাঁর দিকে চপ্পলটি পাল্টা ছুঁড়ে দেন তাঁরা।