বিতর্কের কারণে হামেশাই শিরোনামে থাকেন পুনম পাণ্ডে, তবে এবার তিনি খবরে এসেছেন একেবারে অন্য কারণে। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ইভিল আই ইমোজি ক্যাপশন দিয়ে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন পুনম। তাঁর এই পোস্টটি দেখে মনে হচ্ছে, তিনি ফের প্রেমে পড়েছেন।
ওই সোশ্যাল মিডিয়া পোস্টে পুনমের সঙ্গে এক রহস্যময় পুরুষকে দেখা যাচ্ছে, যাঁর মুখ অবশ্য ছবিগুলোতে স্পষ্ট নয়। প্রথম ছবিতে দেখা যাচ্ছে, পিছন থেকে সেই ব্যক্তি পুনমকে জড়িয়ে ধরে আছেন আর পুনম নিজের হাত দিয়ে তাঁর মুখটি আড়াল করে ক্যামেরার দিক থেকে চোখ সরিয়ে নিয়েছেন। এই পোস্টের অন্য একটি ছবিতে আয়নার সামনে দাঁড়িয়ে সেলফি তুলতে দেখা গিয়েছে পুনমকে। সেখানেও সেই ব্যক্তি তাঁকে পিছন থেকে জড়িয়ে ধরে আছেন আর পুনম নিজের ফোন দিয়ে তাঁর মুখটি ঢেকে রেখেছেন।
এর আগে নিজের দীর্ঘদিনের প্রেমিক স্যাম বোম্বেকে বিয়ে করেছিলেন পুনম। জানা যায়, ২০১৯ সালে তাঁদের প্রথম দেখা হয় এবং তারপর তাঁরা প্রেমে পড়েন। সোশ্যাল মিডিয়া পোস্ট এবং বিভিন্ন জায়গায় একসঙ্গে হাজির হওয়ার কারণে তাঁদের সম্পর্ক বেশ নজর কেড়েছিল। পেশায় চলচ্চিত্র নির্মাতা ও বিজ্ঞাপন পরিচালক স্যাম প্রায়ই পুনমের সঙ্গেও কাজ করতেন। ২০২০ সালের জুলাই মাসে এই জুটি ইনস্টাগ্রামে নিজেদের বাগদানের কথা ঘোষণা করেন। সেই বছরই ১ সেপ্টেম্বরে বিয়ে করেন তাঁরা।
তবে হানিমুনে গিয়ে স্যামের বিরুদ্ধে যৌন হেনস্থা, হুমকি ও মারধরের অভিযোগ এনে এফআইআর দায়ের করেন পুনম। গোয়া পুলিশ স্যাম বোম্বেকে গ্রেফতার করলেও পরে তিনি জামিনে মুক্তি পান। এই ঘটনার কিছুদিন পরই পুনম তাঁর অভিযোগ প্রত্যাহার করে নেন এবং স্যামকে আরও একটি সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেন।
সম্পর্ক টিকিয়ে রাখলেও তাঁদের মাঝেমধ্যেই নানা বিবাদে জড়াতে দেখা যেত। এরপর ২০২১ সালে পুনম আবারও স্যামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ তোলেন। মারধরের শিকার হওয়ার পর তিনি স্যামের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন এবং শেষ পর্যন্ত এই সম্পর্ক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেন।
প্রসঙ্গত, সম্প্রতি বেবি বাম্পের ছবি পোস্ট করেও বেশ শোরগোল ফেলেছিলেন পুনম। সেই ছবি দেখে সোশ্যাল মিডিয়ায় হইচই পড়ে গেলেও, পরে তিনি নিজেই খোলসা করেন যে ছবিগুলো আসলে এআই দিয়ে তৈরি। তিনি ১ এপ্রিল অনুরাগীদের ‘এপ্রিল ফুল’ বানাতেই নাকি এই মজাটা করেছিলেন। এবার তিনি নতুন সম্পর্কে জড়ালেন কিনা, তা যদিও এখনও পর্যন্ত খোলসা করেননি।















