সংবাদ সংস্থা মুম্বই: স্বাধীনতা দিবসে মুক্তি পেয়েছে অমর কৌশিক পরিচালিত ছবি ‘স্ত্রী ২’। প্রথম থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে এই ছবি। ‘স্ত্রী ২’ ছবিতে রাজকুমারের দুই বন্ধুর চরিত্রে অভিনয় করেছেন অপারশক্তি খুরানা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। ছবিতে রাজকুমার রাও এবং শ্রদ্ধা কাপুরের পাশাপাশি দারুণ প্রশংসিত হয়েছে অপারশক্তির অভিনয়। গত কয়েক বছরে একাধিক আলোচিত ছবি ও ওয়েব সিরিজের অংশ হয়েছেন এই অভিনেতা। তবে জানেন কি, এক সময় তাঁকেও দারুণ অবহেলা সইতে হয়েছে বলিপাড়ায়। চূড়ান্ত অপমানিত হতে হয়েছিল এক প্রথম সারির বলি-তারকার কাছে।

 

সম্প্রতি, এক সাক্ষাৎকারে নিজেই সে ঘটনার কথা ফাঁস করেছেন অপারশক্তি খুরানা।  জানান, বলিপাড়ার এক প্রথম সারির নায়কের সঙ্গে একটি ছবিতে কাজ করেছিলেন অপারশক্তি। শুটিং চলাকালীন সুন্দরভাবে কাজ হয়েছিল। সেই তারকার সঙ্গে ঠাট্টা-ইয়ার্কিও চলেছিল। কিন্তু ছবিশেষে পুরো বিষয়টি বদলে যায়। অপারশক্তি জানান, ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে গিয়ে সেই তারকার অঙ্গুলিহেলনে চূড়ান্ত অপমানিত বোধ করেছিলেন অভিনেতা। 'স্ত্রী ২' অভিনেতার কথায়, "অন্য জায়গায় শুটিং করছিলাম। এই অনুষ্ঠানের জন্য ওইদিন বিমানে চেপে মুম্বই এসেছিলাম। সেজেগুজে সবার আগে অনুষ্ঠানের জায়গায় পৌঁছে গিয়েছিলাম। ঠিক হয়েছিল, ছবির ট্রেলর উদ্বোধনের সময় বাকি সব কলাকুশলীদের সঙ্গে আমাকেও ডাকা হবে মঞ্চে। কিন্তু সেই ছবির নায়ক নির্দেশ দেন যে মঞ্চে ছবির বাকি অভিনেতারা উঠলেও কিছুতেই যেন অপারশক্তি না ওঠেন। আর তাই হয়েছিল। অনুষ্ঠান শুরু হওয়ার সামান্য আগে জানানো হল পরিকল্পনার সামান্য রকমফের হয়েছে। আমাকে নাকি বাকিদের সঙ্গে মঞ্চে ডাকার বদলে আলাদাভাবে ডাকা হবে। মেনে নিলাম চুপচাপ। কিন্তু সেই ডাক আর এল না। মঞ্চের নীচে এক কোণায় দাঁড়িয়ে গোটা অনুষ্ঠানটি চুপচাপ দেখে গেলাম

 

কে সেই বলি-তারকা? নাম উল্লেখ করেননি অপারশক্তি। তবে সেই ছবি যে দারুণ সফল হয়েছিল বক্স অফিসে, সেকথা অবশ্য জানিয়েছেন তিনি। এইমুহূর্তে একটি জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মের ছবি বার্লিন’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাঁকে। তাঁর সঙ্গে সেই ছবিতে থাকবেন রাহুল বোস এবং ঈশ্বক সিং।