কিছু দিন আগেই বিকেল সাড়ে পাঁচটার স্লট থেকে সন্ধ্যা ৬ টার স্লটে সরানো হয় 'কুসুম' ধারাবাহিকটিকে। টিআরপিতে দারুণ ছাপ না ফেললেও, দর্শকদের থেকে ভালই সাড়া পায় এই ধারাবাহিক। এবার আরও একবার বদলাতে চলল এই ধারাবাহিকের সম্প্রচারের সময়। 

সদ্যই জি বাংলার তরফে 'কুসুম' ধারাবাহিকের নতুন সম্প্রচারের সময় প্রকাশ্যে আনা হয়েছে। জানানো হয়েছে আগামী ৯ মার্চ অর্থাৎ সোমবার থেকে সন্ধ্যা ৬ টার বদলে ৭ টা থেকে দেখা যাবে এই মেগা। এখানেই প্রশ্ন উঠছে তবে কি শেষ হচ্ছে, 'বেশ করেছি প্রেম করেছি' ধারাবাহিকটি? না অন্য কোনও ধারাবাহিকের কপাল পুড়ল, সেটা আগামীতে বোঝা যাবে। এই চ্যানেল শীঘ্রই আসতে চলেছে 'কমলা নিবাস' ধারাবাহিকটি, মুখ্য ভুমিকায় থাকবেন সোহিনী সেনগুপ্ত এবং দেবশঙ্কর হালদার। সেখানে দীর্ঘ সময় পর ছোটপর্দায় আবারও দেখা মিলবে পরমব্রত চট্টোপাধ্যায়ের। ফলে সবটা মিলিয়ে দর্শকদের উত্তেজনা তুঙ্গে। 

আগামীতে কোন চমক আসছে 'কুসুম' ধারাবাহিকে? এদিন যে প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে চ্যানেল কর্তৃপক্ষের তরফে, সেখানে দেখা যাচ্ছে ঘোর বিপাকের মুখে কুসুম! নেড়া পোড়াতেই কি শেষ হয়ে যাবে কুসুম? জি বাংলার এই ধারাবাহিকে আসতে চলেছে বিরাট মোড়। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের নতুন প্রোমো। সেখানে দেখা যাচ্ছে, কুসুম, আয়ুষ্মান ও ইন্দ্রাণী আয়োজন করেছে নেড়া পোড়ার। দোলের আগের দিন উৎসবের আমেজে মেতে উঠেছে বাড়ির সবাই। এর মধ্যেই মেঘা ও দেবলীনা ছক কষে কুসুমকে মেরে ফেলার। তাই গঙ্গা জলের জার সরিয়ে অন্য জায়গায় রেখে দেয়। বদলে রেখে দেয় কেরোসিন তেলের জার।

ইন্দ্রাণী যখন কুসুমকে গঙ্গা জল আনতে বলে স্বাভাবিকভাবেই কুসুম অবাক হয়। অন্য জায়গায় জার খুঁজে পেতেই তার মনে সন্দেহ হতে থাকে। কিন্তু বেশিকিছু না ভেবে সে তাড়াতাড়ি জার নিয়ে এগোতে যায়। আর তখনই দেবলীনা আগুন জ্বালিয়ে দেয়। আগুনের বলয়ের মাঝে ভয়ে চিৎকার করে ওঠে কুসুম। আয়ুষ্মান ও ইন্দ্রাণীর নাম ধরে ডাকতে থাকে সে। কিন্তু উৎসবের আমেজে কুসুমের ডাক কি কানে পৌঁছবে তাদের? আয়ুষ্মান কি পারবে কুসুমকে বিপদ থেকে উদ্ধার করতে?  

প্রসঙ্গত, 'কুসুম' জি বাংলার পর্দায় প্রতিদিন দেখা যায়। এই মেগা এতদিন সাড়ে পাঁচটা থেকে দেখা যেত, এখন রোজ সন্ধ্যা ছটায় সম্প্রচারিত হয়।