বৃহস্পতিবার, ৫ মার্চ সকালেই দুঃসংবাদটি দেন রূপম ইসলামের স্ত্রী। গায়কের পরিবারে শোকের ছায়া। নিকট আত্মীয়কে হারিয়েছেন গায়ক-পত্নী রূপসা।
এদিন রূপসা দাশগুপ্ত সমাজমাধ্যমে একটি পোস্ট করে ভক্তদের জানান তাঁর 'মামনি' মানে তাঁর জেঠিমা না ফেরার দেশে পাড়ি দিয়েছেন। রূপসা তাঁর পোস্টে লেখেন, 'মামনি, মধুশ্রবা দাশগুপ্ত আজ ভোরে আমাদের ছেড়ে চলে গেলেন। ওঁর মত গুণী আর কেউ ছিলেন না। এত ভাল মনের মানুষ খুব কম দেখা যায়। এত শিক্ষিত মানুষ, অথচ কী বিনয়ী ছিলেন। তোমায় খুব মিস করব মামনি। রূপম তোমায় সব থেকে বেশি মিস করবে।'
রূপম ইসলামের স্ত্রী এই পোস্ট করার পর অনেকেই তাঁদের সমবেদনা জানিয়েছেন। কেউ এই খবর বিশ্বাস করতে পারেননি, তো কেউ আবার দ্রুত এই শোক সামলে ওঠার বার্তা দিয়েছেন। পরিচালক পারমিতা মুন্সি রূপসা দাশগুপ্তর পোস্টে এদিন মত্নবই করেন। লেখেন, 'শোক সামলে ওঠো রূপসা। কী যে বলি!' কেউ আবার লেখেন, 'সমবেদনা রইল তোমার পরিবারের প্রতি। সাবধানে থেকো।'
প্রসঙ্গত, রূপম ইসলাম বাংলার রকসম্রাট। অগণিত ভক্ত তাঁর। ফসিলসের শো হলেই উপচে পড়ে দর্শক, শ্রোতাদের ভিড়। সদ্যই মুক্তি পেয়েছে 'ফসিলস ৭' অ্যালবাম। ইতিমধ্যেই অনুরাগী, শ্রোতাদের থেকে তুমুল সাড়া পেয়েছে এই অ্যালবাম এবং প্রায় কম বেশি, প্রতিটি গান। বিশেষ করে 'ক্ষুধার্থ মাংসাশী', 'যদি তুমি' এবং 'শুনেছি' গানগুলোর প্রশংসা মানুষের মুখে মুখে ফিরছে। শো, অ্যালবাম, বই লেখা ইত্যাদির পাশাপাশি রূপম ইসলামকে দর্শক বর্তমানে জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো, 'সারেগামাপা' -তে দেখতে পাচ্ছেন বিচারকের ভূমিকায়।
