বছরের শুরুতেই বিপত্তি! নিরাপত্তারক্ষীদের চোখ এড়িয়ে সলমন খানের খামারবাড়িতে ঢুকে পড়ল দুই সন্দেহভাজন! হাতেনাতে ধরা পড়তেই তাদের স্থানীয় থানায় জমা দেন নিরাপত্তারক্ষীরা। অভিযোগ দায়ের করেন খামারের দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার। কড়া নিরাপত্তাবলয় ভেঙে কী করে খামারবাড়িতে পা রাখল অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি? আপাতত সেই প্রশ্ন বলিউড এবং ‘খানদান’-এর অন্দরে।

কী ঘটেছে? খবর, সলমনের পানাভেল ফার্ন হাউজে কড়া নিরাপত্তা বেষ্টনি এড়িয়ে পাঞ্জাব থেকে আসা দুই ব্যক্তি নাকি ঢুকে পড়ে। ভিতরে ঢোকার জন্য তারা বেছে নিয়েছিল গাছের আড়াল। পাঁচিল টপকে ভিতরে পা রাখতেই নিরাপত্তারক্ষীদের চোখে পড়ে যায়। সঙ্গে সঙ্গে তাঁরা আটক করে নিয়ে যান স্থানীয় থানায়। প্রশাসন জানিয়েছে, আটক দুই ব্যক্তি পাঞ্জাবের ফাজিলকা জেলার বাসিন্দা। নাম আজেশ কুমার গিলা (২৩) এবং গুরুসেবাকসিংহ শিখ (২৩)। ফার্মহাউজের দায়িত্বপ্রাপ্ত শশীকান্ত ওমপ্রাকাশ ভার্গব থানায় দু’জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানান।

কী উদ্দেশ্যে তারা এভাবে ঝুঁকি নিয়ে সলমনের বাড়িতে পা রেখেছিল? এখনও জানা যায়নি। তবে নিরাপত্তারক্ষীদের হাতে ধরা পড়ার পরে প্রথমে তারা নিজেদের ভুয়ো পরিচয় দিয়েছিল। দাবি করেছিল, তারা উত্তর প্রদেশের বালিয়া জেলা থেকে এসেছে। নাম মহেশকুমার রামনিওয়াস এবং বিনোদ কুমার রাধেশ্যাম। নকল আধার কার্ড এবং ছবিও আগন্তুকদের থেকে উদ্ধার করা হয়েছিল।

বোন অর্পিতার নামাঙ্কিত ফার্মহাউজ সলমনের বরাবর প্রিয়। এখানে প্রায়ই তিনি সময় কাটাতে আসেন। অনেক সময়েই থাকেন তাঁর পরিবার। কারণ, নিরিবিলিতে, নির্ঝঞ্ঝাটে অবসর কাটানোর সব থেকে জায়গা এটাই। শহর থেকে দূরে হওয়ায় অবাঞ্ছিত কোলাহলও কম। সেই জায়গাও যে এভাবে তাঁর কাছে বিপদজনক হয়ে উঠবে, ধারণাও করতে পারেননি। কৃষ্ণসার হরিণ হত্যার পর থেকেই ডন লরেন্স বিষ্ণোইয়ের চক্ষুশূল তিনি। বারেবারে খুনের হুমকি পাচ্ছেন ভাইজান। তাঁর একাধিক ঘনিষ্ঠের মারাত্মক ক্ষতি করেছে অন্ধকার দুনিয়ার বাদশা। যার জন্য আঁটোসাটো নিরাপত্তা তাঁকে ঘিরে। তারপরও এই ঘটনা ভ্রূতে ভাঁজ ফেলেছে প্রশাসনের। দুই অভিযুক্ত কি ডনের ডানহাত? এমন সম্ভাবনাও তাই উড়িয়ে দেওয়া হচ্ছে না।