'কমলা নিবাস' ধারাবাহিকে আসছে জোর চমক। এতদিন পল্লবীকে বিবাহিত ভেবে গুমরে মরছিল আদিত্য। এবার যেই সে জেনেছে, বিষয়টা তেমন নয়, তখনই সে চেষ্টা করছে যদি নায়িকার মন পাওয়া যায়। এদিকে পল্লবী আদিত্যকে দেখে বিরক্ত হলেও, জানেই না যে আদিত্যই তার 'চক্রবর্তী বাবু'! এবার কোন মজার টুইস্ট আসছে গল্পে?
এদিন চ্যানেল কর্তৃপক্ষের তরফে 'কমলা নিবাস' ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে, পল্লবী আদিত্যকে ফোন করে তার নামেই নালিশ করছে। জানাচ্ছে, তাকে নাকি এক ব্যক্তি খুব ফলো করছে। সে খুবই বিরক্ত এতে। সেটা শুনে ভারী মজা পায়। আদিত্য মজা করে জানতে চায় সেই ব্যক্তির হাত পা ভাঙতে হবে কিনা? নায়িকা বলে সেসব লাগবে না, অল্প করে ভয় দেখালেই হবে।
পরদিন মাথায় ব্যান্ডেজ, হাতে প্লাস্টার বেঁধে খুঁড়িয়ে খুঁড়িয়ে পল্লবীদের বাড়ি আসে আদিত্য। তাকে দেখেই কমলা সহ বাড়ির সকলে চমকে ওঠে। জানতে চায় কে তার এই অবস্থা করেছে। উত্তরে নায়ক জানায়, তার গুপ্ত শত্রুর কাজ এটা। শুধু তাই নয়, এটা শুনেই পল্লবীর ঠাকুমা বলেন যে এটা ঘটিয়েছে তাকে মারা উচিত। সেটা শুনেই চমকে ওঠে নায়িকা। আর পছন্দের মানুষের সঙ্গে আবারও মজা করার সুযোগ এবারও হাতছাড়া করে না আদিত্য। তবে কি খুনসুটির হাত ধরেই তাদের মন দেওয়া নেওয়া হবে? কোন পথে এগোয় পল্লবী আর আদিত্যর সম্পর্ক সেটাই এখন দেখার।















