আরব সাগরে লক্ষ ঢেউ। কোনও ঢেউ ভাঙে, কোন ঢেউ গড়ে... জানতে পারেন কেউ? মায়ানগরীর আনাচেকানাচে গুনগুন ফিসফাস। খবরের কানাকানিতে থমকে বাতাস। সারা দিনের খবরাখবর শেষবেলায় আজকাল ডট ইনের পাতায়...
ফের আইনি জটে সুনীল-সানি! কেন?
প্রায় এক দশকেরও বেশি সময় ধরে আইনি জটে জর্জরিত সুনীল দর্শন এবং সানি দেওল। ২০০৮ সালে সানি দেওল সুনীল দর্শনের ছবি 'গুড মর্নিং ইন্ডিয়া' ছেড়ে বেরিয়ে আসেন। তারপর থেকেই এই আইনি ঝামেলা চলছে তাঁদের মধ্যে। নতুন করে তাতে ঘৃতাহুতি পড়ল। অতীতে সুনীল দর্শন ২০ টাকার ক্ষতিপূরণ চেয়ে মামলা করেছিলেন সানি দেওলের বিরুদ্ধে। কিন্তু ২০১৫ সালে তাঁর সেই আবেদন খারিজ করে দেওয়া হয়। এবার, বৃহস্পতিবার, ২৫ জুন বম্বে হাইকোর্ট দর্শনকে নতুন করে আবেদন করার অনুমতি দিয়েছে অতিরিক্ত ১৫ হাজার টাকা জুড়ে। এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, এই বিবাদের আগে তাঁরা একত্রে তিনটি ছবিতে কাজ করেছেন।
গর্ভাবস্থায়, অসুস্থতা নিয়েই 'মা ইন্তি বাঙ্গারাম' ছবির গানের শুটিং করেছেন সামান্থা!
গত ১৯ জুন মুক্তি পেয়েছে 'মা ইন্তি বাঙ্গারাম'। এই ছবির সাকসেস পার্টিতে এসে সামান্থা রুথ প্রভু তাঁর গর্ভাবস্থা নিয়ে যে জল্পনা চলছিল তাতে সিলমোহর দিয়েছেন। জানিয়েছেন তিনি মা হতে চলেছেন। মাতৃত্বকালীন ছুটি নেবেন। এবার এই ছবির পরিচালক জানালেন অভিনেত্রী গর্ভবতী অবস্থাতেই 'মা ইন্তি বাঙ্গারাম' ছবির শুটিং করেছেন। তাঁর মর্নিং সিকনেস থাকত, সেটা নিয়েই এই ছবির গানের শুটিং করেছেন সামান্থা। 'থাসাদিয়া' গানের শুটিংয়ের সময় তিনি অসুস্থ ছিলেন। এটা তাঁর গর্ভাবস্থার একদম প্রাথমিক স্টেজে ঘটেছিল বলেই জানান পরিচালক নন্দিনী রেড্ডি।
'আর ৭ দিন...', কীসের দিন গুনছেন আলিয়া ভাট?
এদিন সমাজমাধ্যমে একগুচ্ছ ছবি পোস্ট করেন আলিয়া ভাট। সঙ্গে ক্যাপশনে লেখেন, 'আর মাত্র ৭ দিন বাকি...'। কীসের অপেক্ষা করছেন? কেনই বা দিন গুনছেন তিনি? আসলে আর ৭ দিন পর মুক্তি পাচ্ছে যশরাজ স্পাইভার্সের নতুন ছবি 'আলফা'। এখানে মুখ্য ভূমিকায় থাকবেন অভিনেত্রী। তাঁর এই আসন্ন ছবির প্রচার করছেন বর্তমানে তিনি। 'আলফা' ছবিতে তাঁর লুকের বেশ কিছু অদেখা ছবি তিনি এদিন পোস্ট করেন। আগামী ৩ জুলাই মুক্তি পাচ্ছে ছবিটি। 'আলফা' ছবিতে আলিয়া ভাট ছাড়াও থাকবেন অনিল কাপুর, ববি দেওল, শর্বরী, প্রমুখ।















