নতুন বাংলা ছবি 'শুরু থেকে শুরু'-তে অভিনয় করতে দেখা যাবে বিধায়ক অভিনেত্রী রূপা গাঙ্গুলিকে৷ ছবির ঘোষণা অনুষ্ঠানে বর্তমান সময় রাজ্য রাজনীতি প্রসঙ্গে কথা বলার সূত্রে রূপা গাঙ্গুলি নিজের অভিমত ব্যক্ত করলেন মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে।  

রূপা গাঙ্গুলি বলেন, "যখন বিরোধী ছিলাম তখনও বলেছি, আজ সরকারে দাঁড়িয়ে বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে যে ধরনের কথাবার্তা বলা হয়, ওঁর যে ধরনের ছবি পোস্ট করা হয়, এটা উচিত নয়। এটা একেবারেই উচিত নয়৷  এটা পশ্চিমবঙ্গের সংস্কৃতি হতে পারে না।"

রূপা বলেন, "উনি তিনবারের নির্বাচিত মুখ্যমন্ত্রী ছিলেন, ওঁর  রাজনৈতিক দলের ভাঙন অবশ্যম্ভাবী ছিল৷ দল ভেঙে গেছে কি না গেছে, সেগুলো আলাদা বিষয়। আদর্শ ছিল না তাই এটা হওয়ার ছিল। প্রথম বছরের পর থেকে উনি দলকে সামলে রাখতে পারেননি৷ তারপর উনি নির্বাচনে জেতার এমন কাজ করেছেন, যার ফলে দলে অনেক বেনো জল ঢুকে গিয়েছিল, উনি দলকে কন্ট্রোল করতে পারেননি এটা অন্য বিষয়। কিন্তু উনি মুখ্যমন্ত্রী ছিলেন, তিনবারের মুখ্যমন্ত্রী এটাও সত্যি কথা৷  ওঁর সম্বন্ধে সমঝে, বুদ্ধি করে, সম্মানের সঙ্গে কথা বলতে আমরা বাধ্য। আমরা পশ্চিমবঙ্গবাসী নিজেকে এমন কোনো জায়গায় নিয়ে যেতে পারি না যেখানে পশ্চিমবঙ্গের বাইরের লোক আমাদের খারাপ ভাববে, ঠাট্টা করবে। আমি এসব ব্যাপারে খুব উদ্ভট।"