মাত্র কিছু দিন আগেই রোহিত শেট্টির বাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়। এমনকী দিন তিনেক আগে রণবীর সিং হোয়াটসঅ্যাপে হুমকি দেওয়া মেসেজ পান। আর তারপর এবার সলমন খানের জামাইবাবু আয়ুষ শর্মা। 
জানা গিয়েছে, অভিনেতা, তথা ভাইজানের বোনের বর আয়ুষ শর্মাকে এদিন বিষ্ণোই গ্যাংয়ের তরফে হুমকি দিয়ে মেল করা হয়। অর্পিতা খানের বরকে বুধবার, ১১ ফেব্রুয়ারি এই হুমকি মেল করা হয়েছে বলেই জানা গিয়েছে। এই ঘটনার পরই তাঁরা তড়িঘড়ি মুম্বইয়ের ক্রাইম ব্রাঞ্চের দ্বারস্থ হন। 

এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, ধুরন্ধর খ্যাত অভিনেতা রণবীর সিং একই ভাবে কিছু দিন আগে একটি হুমকি মেসেজ পেয়েছেন। যদিও তিনি সেটা ভিপিএনের মাধ্যমে হোয়াটসঅ্যাপে ভয়েস নোটে পেয়েছেন। আয়ুষ শর্মার ক্ষেত্রে এই হুমকি ভরা বার্তা এসেছে মেলে। প্রোটন মেল মারফত এই হুমকি পাঠানো হয়েছে তাঁকে। সেই মেলে জানানো হয়েছে লরেন্স বিষ্ণোইয়ের গ্যাংয়ের তরফেই মেল করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী, রণবীর সিং এবং আয়ুষ শর্মা, দু'জনের ক্ষেত্রেই চেষ্টা করা হয়েছে যাতে বার্তা পাঠানোর ব্যক্তির পরিচয় আড়াল করেই রাখা যায়। 

মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, রণবীর সিংয়ের কাছেও হোয়াটসঅ্যাপে ভয়েস নোটের মাধ্যমে মোটা অঙ্কের টাকা দাবি করে হুমকি আসে বলে পুলিশ জানিয়েছে। ঘটনার পর তাঁর বাড়ির বাইরে নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং বার্তার প্রেরককে চিহ্নিত করার চেষ্টা চলছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, এই হুমকির পিছনেও বিষ্ণোই গোষ্ঠীর হাত থাকতে পারে এবং উদ্দেশ্য চাঁদাবাজি।

উল্লেখ্য, কয়েক দিন আগেই মুম্বইয়ের জুহু এলাকায় চলচ্চিত্র পরিচালক রোহিত শেট্টির বাড়ির বাইরে গুলিবর্ষণের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। ১ ফেব্রুয়ারি লরেন্স বিষ্ণোই গোষ্ঠী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ওই হামলার দায় স্বীকার করেছিল। 

ক্রমাগত এই ধরনের হুমকির ঘটনায় বলিউড মহলে উদ্বেগ বাড়ছে। তদন্তকারী সংস্থাগুলি পরিস্থিতির ওপর নজর রাখছে এবং প্রয়োজনে আরও নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গিয়েছে।

এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, সলমন ও লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর দ্বন্দ্বের সূত্রপাত বহু আগের। ১৯৯৮ সালে ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবির শুটিং চলাকালীন রাজস্থানে কৃষ্ণসার শিকারের অভিযোগ ওঠে অভিনেতার বিরুদ্ধে। বিষ্ণোই সম্প্রদায়ের কাছে কৃষ্ণসার পবিত্র প্রাণী হিসাবে বিবেচিত। পরে লরেন্স বিষ্ণোই প্রকাশ্যে জানায়, সলমনকে হয় এই ঘটনার জন্য ক্ষমা চাইতে হবে, নয়তো তার পরিণতি ভোগ করতে হবে। সেই থেকেই দুই পক্ষের দ্বন্দ্ব সামনে আসে।