আরব সাগরে লক্ষ ঢেউ। কোনও ঢেউ ভাঙে, কোন ঢেউ গড়ে... জানতে পারেন কেউ? মায়ানগরীর আনাচেকানাচে গুনগুন ফিসফাস। খবরের কানাকানিতে থমকে বাতাস। সারা দিনের খবরাখবর শেষবেলায় আজকাল ডট ইনের পাতায়...
রাজপাল যাদবের দিকে সাহায্যের হাত বাড়ালেন মিকা সিং
সম্প্রতি ৯ লাখ টাকা ধার এবং চেক বাউন্সের কেসে আত্মসমর্পণ করেছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা রাজপাল যাদব। বর্তমানে তিনি তিহার জেলে রয়েছেন। এই ঘটনা জানাজানি হতেই সোনু সুদ থেকে শুরু করে অনেকেই ইতিমধ্যে তাঁর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। এবার সেই তালিকায় যুক্ত হল মিকা সিংয়ের নাম। জানা গিয়েছে গায়ক ১১ লাখ টাকা দিতে চেয়েছেন যাতে অভিনেতা তাঁর ধার শোধ করতে পারেন। এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, জেলে আত্মসমর্পণ করার আগে একটি আবেগঘন ভিডিও পোস্ট করে সমস্ত কথা জানান রাজপাল। এরপরই সোনু সুদ, গুরমীত চৌধুরী, গুরু রান্ধওয়া তাঁর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। এবার মিকা সিং সেই একই পথে হেঁটে জানালেন, তিনি এই কঠিন সময় অভিনেতা এবং তাঁর পরিবারের পাশে আছেন। এমনকী সম্প্রতি এই বিষয়ে মুখ খুলেছেন অভিনেতার স্ত্রী।
বলিউডে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন ভুবন বাম, নায়িকা কে?
ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর তথা কমেডিয়ান ভুবন বাম বলিউডে পা রাখতে চলেছেন। জানা গিয়েছে, বর্তমানে তিনি এই ছবির শুটিং করছেন। ছবির নাম 'কুকু কী কুণ্ডলী'। লখনউতে শুটিং চলছে ছবিটির। 'কুকু কী কুণ্ডলী' ছবিটি একটি আদ্যোপান্ত রোম্যান্টিক কমেডি ঘরানার ছবি হতে চলেছে। এখানে অভিনেতার বিপরীতে থাকবেন ওয়ামিকা গাব্বি। এছাড়া গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে মনোজ পাহওয়া, গীতা আগরওয়াল শর্মা, প্রমুখ। করণ শর্মা ছবিটির পরিচালনা করছেন। ধর্মা প্রোডাকশন রয়েছে প্রযোজনার দায়িত্বে।
এবার শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ প্রিয়া সচদেবের
কাপুর পরিবারের সম্পত্তি সংক্রান্ত ঝামেলা যেন থামছেই না। এবার দিল্লি হাইকোর্টে শাশুড়ি তথা প্রয়াত উদ্যোগপতি সঞ্জয় কাপুরের মা রানি কাপুরের বিরুদ্ধে অভিযোগ করলেন প্রিয়া সচদেব। জানালেন তাঁর শাশুড়ি মিথ্যা কথা বলছেন। তাই তাঁর আবেদন রানি কাপুর যে অভিযোগ করেছেন, সেই কেসকে যেন খারিজ করে দেয়। এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, সঞ্জয়ের মৃত্যুর পর থেকে তাঁর ৩০ হাজার কোটি টাকার সম্পত্তি নিয়ে বিবাদ চরমে।
