সদ্যই সমাজমাধ্যমে বিবাহ বিচ্ছেদের কথা ঘোষণা করেন অঙ্কিতা চক্রবর্তী এবং প্রান্তিক বন্দ্যোপাধ্যায়। বিবাহিত জীবনের ৩ বছরের মাথাতেই সম্পর্কে দাঁড়ি টানেন দু'জনে। কিন্তু একি! মাস দু'য়েক যেতে না যেতে ফের কাছাকাছি এই তারকা জুটি!
চলছে প্রেমের সপ্তাহ। ১১ ফেব্রুয়ারি খাতায় কলমে শপথ নেওয়ার দিন, ওরফে প্রমিজ ডে। এদিন বিয়ের একটি ছবি সমাজমাধ্যমে পোস্ট করেন অঙ্কিতা চক্রবর্তী। বিয়ের সাজে তিনি এবং প্রান্তিক হাসিমুখে দাঁড়িয়ে আছেন। সঙ্গে ক্যাপশনে লেখা, 'সকলকে প্রমিজ ডের শুভেচ্ছা। যে দিন মানুষ একে অন্যের সঙ্গে থাকার শপথ নেয়।'
তাঁর এই পোস্ট দেখে দ্বিধা বিভক্ত নেটপাড়া। অনেকের মনে প্রশ্ন জেগেছে তবে কি ফের কাছাকাছি এলেন প্রান্তিক এবং অঙ্কিতা? কারও মতে আবার, খাতায় কলমে বিয়েতে ইতি টানলেও, বন্ধুত্ব, বা সম্পর্কে সেই অর্থে কখনও ইতি পড়ে না। যদিও এই বিষয়ে তারকা যুগলের থেকে কোনও স্পষ্ট বার্তা পাওয়া যায়নি।
এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, ২০২২ সালে সাতপাকে বাঁধা পড়েছিলেন টলিপাড়ার দুই চেনা মুখ, অঙ্কিতা চক্রবর্তী এবং প্রান্তিক বন্দ্যোপাধ্যায়। তবে শহরে নয়। বরং পাহাড়ে। নিকট বন্ধুদের উপস্থিতিতে চার হাত এক হয় তাঁদের। উপস্থিত ছিলেন সোহিনী সরকার, প্রমুখ। কিন্তু বিয়ের মাত্র ৩ বছর ঘুরতে না ঘুরতেই দাম্পত্য জীবনে ইতি টানছেন এই তারকা জুটি। আজকাল ডট ইন-কে দেওয়া সাক্ষাৎকারে বিচ্ছেদের বিষয়টা অকপটে স্বীকার করে প্রান্তিক বন্দ্যোপাধ্যায় জানান, "যে প্রশ্নের উত্তর আছে, সেটা তো দেওয়াই যায়। এখানে লুকানোর তো কিছু নেই।"
এতদিনের বন্ধুত্ব, তারপর বৈবাহিক জীবন... এখন বিচ্ছেদ। অঙ্কিতার সঙ্গে সম্পর্ক থাকবে কিনা জানতে চাইলে অভিনেতা বলেন, "নাম পাল্টায়, সম্পর্ক পাল্টায় নাকি! সম্পর্ক সবসময় থাকে। আমরা নামের পরিচিতি পাল্টাতে থাকি। আজ এ বন্ধু হয়েছে, কাল সে কাছের বন্ধু হয়েছে, তারপর সে আরও বেশি ভাল বন্ধু হয়েছে, আর শেষে ছেলেটা একদম ভাল ছিল না... এই চারটে জিনিস আমরা এক মুহূর্তে বলে দিই। বন্ধুত্ব একটা বিশাল জায়গা। যখনই সেটাকে একটা সম্পর্কের নাম দেবে, তখনই সেটা একটা বাড়তি দায়িত্ব হয়ে যায়। ধরুন, আজ আপনার দাদা বিয়ে করলেন। যে বাড়িতে এল, তিনি আপনার সমবয়সী। তাঁকে যদি বন্ধু হিসেবে চিনতেন, সম্পর্ক আলাদা হতো, কিন্তু যেই বৌদি ডাকলেন... অমনি সম্পর্ক বদলে গেল। সম্পর্ক নামে এত পাল্টে যায়, সেটাই পাল্টেছে আসলে। আগে একবার বদলেছিল, আবার একটা জায়গায় এসে দাঁড়িয়েছে।"
















