৭০ পেরিয়ে গিয়েছেন। কিন্তু ফুচকা দেখলেই রাখি গুলজার যেন কিশোরী! ছেলেমানুষী বায়না, তিনি ফুচকা খাবেন। এবং প্রচুর পরিমাণে খাবেন! কিছুতেই তাঁকে বোঝাতে পারছেন না নন্দিতা রায় -শিবপ্রসাদ মুখোপাধ্যায়। শেষে উভয়পক্ষের কথা থাকল। ঝাল ছাড়া বেশ কয়েকটি ফুচকা খেয়ে তবে শান্তি। সঙ্গে বাটি ভর্তি খাট্টা।

এভাবেই বুধবারের সকাল সরগরম। ভিক্টোরিয়ার সামনে অগুন্তি কালো কালো মাথা। এতদিন পরে শহরে রাখি। তাঁর টানেই এই ভিড়। সেসব সামলে উইন্ডোজ প্রযোজনা সংস্থার গরমের ছুটির ছবির শুট হইহই করে চলছে। রাখি কিন্তু একা ফুচকা খাননি। সঙ্গের অভিনেত্রীদেরও সঙ্গে নিয়ে দল ভারী করেছেন। আর কে কে সঙ্গে ছিলেন? ঐশ্বর্য সেন, সৌরসেনী মৈত্র, উমা বন্দোপাধ্যায়, আভেরি প্রমুখ। শুটের ফাঁকে এভাবে ছোট্ট অবসর মিলবে, ভাবতেই পারেননি কেউ। ওঁরাও তাই আনন্দে রাখিকে ঘিরে দাঁড়িয়ে পড়েছেন। কারও বায়না, ঝাল কম। আরও ঝাল দিতে হবে। কারও টকজল খেয়েও আশ মিঠছে না। রাখি সবার সঙ্গে মিশে গিয়ে দিব্যি মেতে গিয়েছেন।

৫ জানুয়ারি থেকে শুট শুরু "আমার বস"-এর। সল্টলেকের প্রযুক্তি নগরীর প্রথম সারির সংস্থায় সকাল ৭টা থেকে শুট চলেছে টানা ১৫ দিন। রাখির সঙ্গে শিবু, শ্রাবন্তী, শ্রুতি সবাই ছিলেন। কলকাতার শুট শেষ হলেই শ্রাবন্তীকে নিয়ে প্রযোজক-পরিচালক-অভিনেতা উড়ে যাবেন মুম্বই। সেখানেও শুট হবে। সেখানে প্রবীণ অভিনেত্রীর অতিথি টিম? প্রযোজনা সংস্থার তরফ থেকে জানা গিয়েছে, রাখি ভীষণ অতিথিবৎসল। যতবার টিম ওঁর কাছে গিয়েছে, পরিবারের মতো আদরযত্ন করেছেন।



এদিন সাদা শাড়ি, নীলচে ব্লাউজে ছিমছাম সাজে বড়পর্দার পরমা। বাকি অভিনেত্রীরা সালোয়ার, শাড়িতে সুন্দরী। এদিন শিবপ্রসাদ নায়ক নন, পরিচালকের ভূমিকায়।