ভাইরাল হওয়া একটি পার্টি ক্লিপকে কেন্দ্র করে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী ক্রিস্টাল ডি'সুজা এবং ‘দেশি ব্লিং’ খ্যাত এপি-র প্রেমের গুঞ্জন এখন নেটপাড়ায় তুঙ্গে। দুবাইয়ের এক বিলাসবহুল গাড়ি ব্যবসার মালিক এপির সঙ্গে ক্রিস্টালের এই ভিডিওটি সমাজমাধ্যমে ইতিমধ্যেই বেশ সাড়া ফেলেছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, বন্ধুদের সঙ্গে ছবি তোলার জন্য পোজ দিচ্ছেন এপি, আর তাঁর ঠিক সামনেই দাঁড়িয়ে আছেন ক্রিস্টাল। তবে নেটিজেনদের নজর কেড়েছে ঠিক পরের মুহূর্তটি, যেখানে এপিকে আলতো করে ক্রিস্টালের গালে চুম্বন করতে দেখা যায়।

এই দৃশ্যটি দেখার পর থেকেই অনুরাগীরা বোঝার চেষ্টা করছেন এটি শুধুই কি একটি মিষ্টি বন্ধুত্বপূর্ণ মুহূর্ত, নাকি এর পিছনে লুকিয়ে আছে অন্য কোনও সম্পর্কের গল্প। তবে এই চর্চা যতই বাড়ুক না কেন, ক্রিস্টাল বা এপি কেউই এই বিষয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি। তাঁদের এই নীরবতা যেন নেটিজেনদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে।

কৌতূহলের পারদ চড়ার আরও একটা বড় কারণ হল, মাত্র কয়েক মাস আগেই রেস্তোরাঁ ব্যবসায়ী গুলাম গাউস দিওয়ানির সঙ্গে ক্রিস্টালের দীর্ঘ তিন বছরের সম্পর্কের ইতি টানার খবর সামনে এসেছিল। ক্রিস্টাল বা গুলাম কেউই অবশ্য তাঁদের বিচ্ছেদের খবরটি স্বীকার করেননি। তবে সেই সময় খবর চাউর হয়েছিল যে তাঁরা চুপিসাড়েই আলাদা হয়ে গেছেন, এমনকী ইনস্টাগ্রামেও একে অপরকে আনফলো করে দেন। সেই জল্পনা থিতু হতে না হতেই এবার এপির সঙ্গে ক্রিস্টালের নাম জড়াল।

অন্যদিকে, এপি সম্প্রতি আলোচনায় আসেন নেটফ্লিক্সের রিয়্যালিটি শো ‘দেশি ব্লিং’-এর মাধ্যমে। শো-তে তাঁকে দুবাইয়ের খ্যাতনামা সোশ্যালাইট পামেলা সেরেনার প্রাক্তন প্রেমিক হিসেবে পরিচয় করানো হয়। তবে বিচ্ছেদের পরও তাঁদের মধ্যে যে গভীর বন্ধুত্ব রয়েছে, তা শো-এর প্রতিটি পর্বে স্পষ্ট ফুটে উঠেছে। শোয়ের তথ্য অনুযায়ী, তিনি ‘এপি সুপার কার্স’ নামের একটি কোম্পানি পরিচালনা করেন, যা মূলত বিলাসবহুল গাড়ি বেচাকেনা এবং রেন্টাল সার্ভিসের কাজ করে। অন্যদিকে, ক্রিস্টাল সম্প্রতি আলোচনায় এসেছেন 'ধুরন্ধর'-এর 'শারারাত'-এ দূর্দান্ত পারফর্মেন্সের জন্য।