নতুন বছরে বাংলা বিনোদন দুনিয়ায় চমকের পর চমক! তখন সদ্য মুক্তি পেয়েছে রাজ চক্রবর্তীর প্রথম সিরিজ ‘আবার প্রলয়’। তখন থেকে কানাঘুষো, আবার প্রেমের ছবি আনতে চলেছেন। নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়। নায়ক? নানা মুনির নানা মত। দিন এগিয়েছে। রাজ-শুভশ্রীর মেয়ে ভূমিষ্ঠ হয়েছে। তার আগেই আভাস, প্রযোজক-পরিচালক বুদ্ধদেব গুহ-র উপন্যাস নিয়ে ছবি করতে চলেছেন। পটভূমিকায় মণিপুর, উত্তরবঙ্গ। সেই খবর প্রথম দিয়েছিল আজকাল ডট ইন।

নতুন বছরে সবাইকে চমকে দিয়ে সেই ছবির আনুষ্ঠানিক ঘোষণা সারলেন রাজ। ১০ বছর পরে আবীর চট্টোপাধ্যায়-শুভশ্রীকে জুটি বানিয়ে। গত বছর নতুন বাংলা ছবি নিয়ে অবশ্য অনেকটাই জানিয়েছিলেন রাজ। তাঁর কলেজবেলার স্বপ্ন, প্রিয় এক ঔপন্যাসিকের গল্প নিয়ে ছবি করবেন। অনেক খড়কুটো পোড়ানোর পরে সেই স্বপ্ন বাস্তব হতে চলেছে। তিনি তাঁর পছন্দের গল্পের স্বত্ব পেয়েছেন। তারপরেই চলতি মাসের গোড়ায় বিধায়ক-প্রযোজক-পরিচালক উড়ে গিয়েছিলেন মণিপুর। নতুন ছবির জন্য রেকি করতে। টলিউড বলছে, আগামী জানুয়ারিতে নাকি সেই ছবির শুট শুরু করতে চলেছেন তিনি। সেই সময় তালিকায় প্রথম নাম উঠে এসেছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের। উঠে এসেছিল প্রয়াত সাহিত্যিক বুদ্ধেদব গুহর নামও। 

রাজ এও জানিয়েছিলেন, মণিপুর, নাগাল্যান্ড, দিল্লি, কলকাতা মিলিয়ে শুট হবে। অর্থাৎ, পুরোটাই আউটডোর শুটিং। সেই জায়গা থেকে তাঁর দাবি, সবাই বলেন, বাংলা ছোট ছবি বানায়। হয় ঘরের মধ্যে শুটিং হয়। নয়তো কলকাতার আশপাশে। তিনি সেই ধারণা বদলাতে চলেছেন। এবং ছবিটি তারকাখচিত। রাজের ‘ড্রিম প্রজেক্ট’।