প্রায় ছ’বছর পর বলিউডে ফিরছেন প্রিয়াঙ্কা চোপড়া। আর সেইকামব্যাক ঘিরেই নতুন করে দানা বাঁধছে তাঁর পুরনো দুই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির জল্পনা। এস এস রাজামৌলির আগামী ছবি ‘বারাণসী’ দিয়ে ভারতীয় সিনেমায় কামব্যাক করতে চলেছেন তিনি। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে সেই ছবির প্রসঙ্গ উঠতেই প্রিয়াঙ্কা ইঙ্গিত দিয়েছেন ‘ডন’ ও ‘কৃষ’ দু’টি জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি নিয়ে সম্ভাব্য ভবিষ্যতের দিকেও। আর তাতেই ফের উত্তপ্ত হয়েছে চর্চা।

ফারহান আখতারের পরিচালনায় শাহরুখ খানের বিপরীতে ‘ডন’ সিরিজে প্রিয়াঙ্কার উপস্থিতি আজও কাল্ট মর্যাদা পেয়েছে। যদিও ‘ডন ৩’ ঘোষণা হয়েছিল রণবীর সিংকে নিয়ে, পরে সেই প্রজেক্ট আপাতত থমকে যাওয়ার খবর সামনে আসে। অন্যদিকে, বহুদিন ধরেই শোনা যাচ্ছে ‘কৃষ ৪’-এ প্রিয়াঙ্কার কামব্যাকের সম্ভাবনা।

এই দুই ফ্র্যাঞ্চাইজি নিয়ে সরাসরি কিছু বলতে গিয়ে অবশ্য কৌশলীই থাকলেন অভিনেত্রী। সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা বলেন, “আমি জানি না, এই দুটো বিষয় নিয়ে আদৌ কথা বলা উচিত কি না।” আর ঠিক সেই মুহূর্তেই তাঁর ‘বারাণসী’ সহ-অভিনেতা মহেশ বাবুর ঠাট্টা“তাহলে নিশ্চয়ই কিছু একটা হচ্ছে।” এই হালকা মন্তব্যই যেন আগুনে ঘি ঢালল।

প্রিয়াঙ্কা নিজে অবশ্য এটাকে নিজের জীবনের এক “রোমাঞ্চকর অধ্যায়” বলেই দেখছেন। তাঁর কথায়, “প্রায় ছ’বছর পর ভারতে এই ছবিটাই আমার প্রথম কাজ। ফিরে আসাটা দারুণ লাগছে।” পাশাপাশি তিনি স্পষ্ট করেছেন, শক্তিশালী গল্প ও চরিত্র পেলে পুরনো কোনও চরিত্র বা ফ্র্যাঞ্চাইজিতে ফিরতেও তাঁর আপত্তি নেই।

‘কৃষ ৪’ নিয়ে জল্পনা আরও জোরদার হয়েছিল গত বছর, যখন শোনা যায়, এই ছবিতে পরিচালক হিসেবে বাবার জায়গায় আসতে পারেন হৃতিক রোশন নিজেই, আর প্রিয়াঙ্কা থাকবেন গুরুত্বপূর্ণ চরিত্রে। সেই গুঞ্জনে নতুন মাত্রা যোগ হয়, যখন মার্কিন যুক্তরাষ্ট্রে প্রিয়াঙ্কা ও তাঁর স্বামী নিক জোনাসের সঙ্গে সময় কাটাতে দেখা যায় হৃতিককে। যদিও এখনও পর্যন্ত কোনও সরকারি ঘোষণা হয়নি।

ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ‘বারাণসী’ ছবির প্রথম ঝলক। সেখানে খানিক রক্তাক্ত অবস্থায় ত্রিশূল হাতে, ষাঁড়ের পিঠে মহেশ বাবুকে দেখা গেছে রুদ্র চরিত্রে। প্রিয়াঙ্কা চোপড়া অভিনয় করছেন মন্দাকিনী চরিত্রে, আর প্রতিপক্ষ কুম্ভর ভূমিকায় রয়েছেন পৃথ্বীরাজ সুকুমারন।

">

গল্প ঘোরে এক মহাকাব্যিক অভিযানের চারপাশে। সময় ও মহাদেশ পেরিয়ে এক শক্তিশালী অলৌকিক নিদর্শন উদ্ধারের লড়াই, যার সঙ্গে জড়িয়ে মানবজাতির ভবিষ্যৎ। ভারতীয় পুরাণ, আন্তর্জাতিক অ্যাকশন আর সময়-ভ্রমণের মিশেলে তৈরি এই ছবি ইতিমধ্যেই দর্শকদের কৌতূহল বাড়িয়েছে।

সব মিলিয়ে, প্রিয়াঙ্কা চোপড়ার প্রত্যাবর্তন শুধু একটি ছবি নয়, সঙ্গে নিয়ে আসছে বহু পুরনো প্রশ্নের নতুন উত্তর আর বলিউডের সম্ভাব্য কয়েকটি বড় কামব্যাকের ইঙ্গিত।