ঐন্দ্রিলা শর্মার চলে যাওয়ার দেখতে দেখতে তিন বছর পেরিয়ে গেল। ছোট মেয়ের চলে যাওয়ার শোক বুকে নিয়েই ৩ ফেব্রুয়ারি আনন্দ, হাসিতে উজ্জ্বল হয়ে উঠেছিল শর্মা পরিবার। প্রয়াত অভিনেত্রীর দিদি ঐশ্বর্য শর্মা আইনি বিয়ে সারলেন। আর সেখানেই উপস্থিত ছিলেন সব্যসাচী চৌধুরী।
ঐশ্বর্য শর্মা বাগদান এবং রেজিস্ট্রি ম্যারেজের জায়গায় ফুল, মালায় সাজানো ছিল ঐন্দ্রিলার ছবি। যেন না থেকেও ভীষণ ভাবে আছেন। অভিনেত্রীর চলে যাওয়ার পর তাঁর সব থেকে কাছের মানুষ, সহকর্মী সব্যসাচী চৌধুরী নিজেকে গুটিয়ে নিয়েছিলেন সব কিছু থেকে। ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফেরা শুরু করেছেন তিনি। শোনা যাচ্ছে শীঘ্রই ছোটপর্দায় ফিরবেন। তার আগে চমক দিয়ে এদিন অভিনেতা হাজির হলেন ঐশ্বর্য শর্মার বাগদানের অনুষ্ঠানে। ঐন্দ্রিলার পরিবারের সঙ্গে তাঁর সম্পর্ক এখনও বজায় আছে সেটাই যেন স্পষ্ট হল।
ঐশ্বর্যর এই বিশেষ দিনে সব্যসাচীকে সাদা শার্ট এবং ডেনিম পরে এসেছিলেন। অভিনেতাকে দেখে উৎফুল্ল হয়ে পড়ে ঐন্দ্রিলার পোষ্যরা।
নিজের বিয়ের দিন বোনের কথা বারবার উঠে এসেছে দিদি ঐশ্বর্যর কথায়। জানিয়েছেন, অভিনেত্রী থাকলে আগে তাঁর এবং সব্যসাচীর বিয়েই হতো। প্রসঙ্গত ঐশ্বর্যর স্বামী দিব্যজিত পেশায় একজন চিকিৎসক। ঐশ্বর্য নিজেও কন্টেন্ট ক্রিয়েশনের পাশাপাশি চিকিৎসা করেন। ম্যাট্রিমনিয়াল সাইটের মাধ্যমে তাঁদের আলাপ হয়। সেখান থেকেই বিয়ে অবধি এগোয় কথা।
এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, সব্যসাচী চৌধুরী শীঘ্রই ছোটপর্দায় ফিরেছেন। তাঁর বিপরীতে দেখা যাবে মানালি দে-কে। এই প্রথমবার জুটি হিসেবে দেখা যেতে চলেছে তাঁদের। গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন শুভাশিস মুখোপাধ্যায়। জানা গিয়েছে, এই ধারাবাহিকের নাম 'সংসারের সংকীর্তন'। প্রযোজনায় ক্যামেলিয়া। এই প্রযোজনা সংস্থা এতদিন ছবি, সিরিজ নিয়েই কাজ করেছে। এই প্রথমবার ধারাবাহিকের প্রযোজনায় ক্যামেলিয়া। ইতিমধ্যেই ধারাবাহিকের মহরত অনুষ্ঠিত হয়েছে। জানা যাচ্ছে, সংসারের টানাপোড়েনই এই ধারাবাহিকের মূল বিষয়বস্তু। গল্পে সব্যসাচীকে দেখা যাবে একেবারে ভিন্ন লুকে। অন্যদিকে, মানালি স্টার জলসার পর্দায় ফিরছেন অনেক বছর পর। তাই তাঁর চরিত্রটিও দর্শকের কাছে চমক হয়ে উঠবে।
সব্যসাচীকে দর্শক এতদিন ছোটপর্দায় আধ্যাত্মিক গল্পেই দেখেছেন। এই প্রথমবার এক ভাঙা চরিত্রে আসছেন অভিনেতা। সূত্রের খবর, আর কিছুদিনের মধ্যেই হবে প্রোমো শুটিং। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের মাঝামাঝি সময়ে স্টার জলসার পর্দায় সম্প্রচারিত হবে এই ধারাবাহিকটি।
