৩ ফেব্রুয়ারি গাঁটছড়া বাঁধলেন ছোটপর্দায় দুই পরিচিত মুখ, প্রিয়াঙ্কা মিত্র এবং শুভ্রজিৎ সাহা। তাঁদের বিয়ের ছবি, ভিডিও বর্তমানে ভাইরাল। কিন্তু তাঁদের আইবুড়োভাত থেকে শুরু করে বিয়েতে কী কী মেনু ছিল, কারাই বা এলেন অতিথি হিসেবে জেনে নিন। 

আইবুড়োভাতের সময় মফ রঙের একটি ঢাকাই জামদানি শাড়ি পরেছিলেন প্রিয়াঙ্কা, তাতে ছিল হলুদ সুতোর কাজ। এবং কনট্রাস্টে হলুদ ব্লাউজ পরেছিলেন। গায়ে ছিল হালকা সোনার গয়না। অন্যদিকে শুভ্রজিৎ পরেছিলেন লাল রঙের পাঞ্জাবি, পায়জামা। প্রিয়াঙ্কা মিত্র এবং শুভ্রজিৎ মিত্রের আইবুড়োভাতের মেনুতে ছিল ভাত, পাঁচ রকমের ভাজা, মাছের মাথা দিয়ে ডাল, দুই রকমের মাছ, ভেটকি পাতুরি, মাটন কষা, চাটনি, পায়েস, দই, ইত্যাদি। 

দীর্ঘদিনের সম্পর্ক প্রিয়াঙ্কা মিত্র এবং শুভ্রজিৎ সাহার। তাঁদের একসঙ্গে কাটানো নানা মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিতেন তাঁরা। গত বছর আইনি বিয়ে এবং বাগদান সেরে রেখেছিলেন। এই বছর অগ্নিসাক্ষী রেখে, প্রতাপতি ঋষির আশীর্বাদ নিয়ে সামাজিক বিয়ে সারলেন। এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, প্রিয়াঙ্কা মিত্র এর আগে সায়ন্ত মোদকের সঙ্গে সম্পর্কে ছিলেন। সম্পর্ক ভাঙার পর অভিনেতার বন্ধু শুভ্রজিতের হাত ধরেন অভিনেত্রী। চড়াই উৎরাই পেরিয়ে এদিন চার হাত এক হল। 

বিয়েতে লাল বেনারসি, ম্যাচিং ব্লাউজ পরেছিলেন প্রিয়াঙ্কা মিত্র। সঙ্গে ছিল গা ভর্তি সোনার গয়না, শোলার মুকুট, লাল ওড়না। শুভ্রজিৎকে বিয়েতে লাল সিল্কের পাঞ্জাবি এবং সাদা ধুতিতে দেখা যায়। গায়ে হলুদের অনুষ্ঠানে শুভ্রজিৎ সেজে উঠেছিলেন হলুদ পাঞ্জাবি ও সাদা পাজামায়। প্রিয়াঙ্কার পরনে ছিল হলুদ শাড়ি, সঙ্গে মানানসই ফুলের গয়না। দু’জনের চোখে ছিল রোদচশমা, মুখে হাসি। সব মিলিয়ে ধরা পড়েছে নিখাদ আনন্দের ছবি। আত্মীয়-পরিজন ও ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে আনন্দে মেতে ওঠেন প্রিয়াঙ্কা-শুভ্রজিৎ। হাসি, আড্ডা আর খুনসুটিতে ভরে ওঠে অনুষ্ঠান, আর সেই সব আনন্দঘন মুহূর্ত ক্যামেরাবন্দি হয়ে থাকে।

প্রিয়াঙ্কা ও শুভ্রজিতের বিয়েতে টলিউডের একাধিক চেনা মুখকে উপস্থিত থাকতে দেখা গেল। এসেছিলেন পায়েল দে, রৌনক, আর্কোজ্যোতি পাল, চৈতালি চক্রবর্তী, প্রমুখ। 

প্রসঙ্গত, প্রিয়াঙ্কা মিত্রকে দর্শক শেষবার 'চিরসখা' ধারাবাহিকে দেখেছিল। অন্যদিকে শুভ্রজিৎ সাহা শীঘ্রই স্টার জলসার পর্দায় নতুন ধারাবাহিক নিয়ে আসতে চলেছেন। শুরু হচ্ছে 'শুধু তোমারই জন্য'। ত্রিকোণ প্রেমের গল্পে তাঁর সঙ্গে থাকবেন দীপান্বিতা রক্ষিত এবং মন্দিরা। তবে কবে থেকে সেই ধারাবাহিক শুরু হচ্ছে এখনও জানানো হয়নি।