এবার আর জল্পনা নয়, একেবারে পাকা খবর। বলিউডে কামব্যাক করছেন প্রিয়াঙ্কা চোপড়া। সূত্রের খবর, হৃতিক রোশনের সুপারহিট ফ্র্যাঞ্চাইজি ‘কৃষ’-এর চতুর্থ কিস্তিতেমহিলা মুখ্য চরিত্রে প্রিয়াঙ্কাকেই চূড়ান্ত করা হয়েছে।
‘কৃষ’ সিরিজের আগের দুই কিস্তিতেই হৃতিকের বিপরীতে নায়িকা ছিলেন প্রিয়াঙ্কা। তারপর হলিউডে পাড়ি, আন্তর্জাতিক কেরিয়ার, বিয়ে -সব মিলিয়ে বলিউড থেকে দূরে সরে গিয়েছিলেন তিনি। চুটিয়ে কাজ করছিল হলিউডে। তবে তার মাঝে সাঝেই এক-অধবারের জন্য তাঁকে দেখা গিয়েছে হিন্দি ওয়েব সিরিজ অথবা দু'একবার বড়পর্দায়। এবার ফের ভারতীয় সিনেমায় কামব্যাক করলেন তিনি। প্রথমে এস এস রাজামৌলি পরিচালিত ‘বারাণসী’ আর এবার সরাসরি বলিউডে ‘কৃষ ৪’-এ!
প্রিয়াঙ্কার শেষ হিন্দি ছবি ছিল সোনালি বোস পরিচালিত ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ (২০১৯)। এরপর সঞ্জয় লীলা বনশালির ‘গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ ছবিতে তাঁকে নামভূমিকায় নেওয়া হলেও শেষ মুহূর্তে সেই চরিত্রটি হাতছাড়া হয়। সুযোগ চলে যায় আলিয়া ভাটের কাছে।
ঠিক এই জায়গাতেই প্রবেশ করেন এস এস রাজামৌলি ও মহেশ বাবু। প্রজেক্টের ঘনিষ্ঠ এক সূত্রের দাবি,“বলিউডের অনেক এ-লিস্টারের মতো নয়। রাজামৌলি ও মহেশ বাবুর প্রিয়াঙ্কার সঙ্গে কাজ করতে কোনও সমস্যাই ছিল না। তাঁরা তাঁকে ঠিক সেই সম্মানটাই দিয়েছেন, যা একজন আন্তর্জাতিক সিনেমা তারকা পাওয়ার কথা। পারিশ্রমিকও দেওয়া হয়েছে পশ্চিমী দুনিয়ায় তিনি যা পান, তার কাছাকাছি, যা কোনও হিন্দি ছবিতে আগে কখনও পাননি প্রিয়াঙ্কা। শুধু তাই নয়, প্রজেক্টে যোগ দেওয়ার পর তাঁর চরিত্র আরও বড় করে লেখা হয়।” আরও একটি সূত্র জানাচ্ছে, মহেশ বাবু, তাঁর স্ত্রী নম্রতা এবং মেয়ে সিতারার সঙ্গে এখন প্রিয়াঙ্কার সম্পর্ক যথেষ্ট ঘনিষ্ঠ।
প্রজেক্টের সঙ্গে যুক্ত এক ঘনিষ্ঠ মহলের বক্তব্য, “তেলুগু সিনেমার হাত ধরেই এটা প্রিয়াঙ্কার বলিউডে ফেরার গেটওয়ে। রাজামৌলির সিনেম্যাটিক ইউনিভার্সের মাধ্যমে তিনি আন্তর্জাতিক মঞ্চে ভারতীয় সিনেমার প্রতিনিধিত্ব করতে চেয়েছেন।”
এমনকী এক নামী বলিউড পরিচালক স্বীকার করেছেন, প্রিয়াঙ্কাকে নিয়ে মহিলা অ্যাকশন-হিরো ছবি বানাতে চাইলেও তাঁকে ‘নট টু সাইন’ করার জন্য স্পষ্টভাবে নির্দেশ দেওয়া হয়েছিল।সব মিলিয়ে পরিষ্কার,প্রিয়াঙ্কা চোপড়া জোনাস শুধু ফিরছেন না, ফিরছেন পুরোদস্তুর স্ট্র্যাটেজি, গ্লোবাল অবস্থান আর বড় বাজির সিনেমা নিয়ে।
বহুদিন ধরেই শোনা যাচ্ছে ‘কৃষ ৪’-এ প্রিয়াঙ্কার কামব্যাকের সম্ভাবনা। এই দুই ফ্র্যাঞ্চাইজি নিয়ে সরাসরি কিছু বলতে গিয়ে অবশ্য কৌশলীই থাকলেন অভিনেত্রী। সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা বলেন, “আমি জানি না, এই দুটো বিষয় নিয়ে আদৌ কথা বলা উচিত কি না।” আর ঠিক সেই মুহূর্তেই তাঁর ‘বারাণসী’ সহ-অভিনেতা মহেশ বাবুর ঠাট্টা“তাহলে নিশ্চয়ই কিছু একটা হচ্ছে।” এই হালকা মন্তব্যই যেন আগুনে ঘি ঢালল।প্রিয়াঙ্কা নিজে অবশ্য এটাকে নিজের জীবনের এক “রোমাঞ্চকর অধ্যায়” বলেই দেখছেন। তাঁর কথায়, “প্রায় ছ’বছর পর ভারতে এই ছবিটাই আমার প্রথম কাজ। ফিরে আসাটা দারুণ লাগছে।” পাশাপাশি তিনি স্পষ্ট করেছেন, শক্তিশালী গল্প ও চরিত্র পেলে পুরনো কোনও চরিত্র বা ফ্র্যাঞ্চাইজিতে ফিরতেও তাঁর আপত্তি নেই।
